নাটোরের লালপুরে আদালতের রায় অমান্য করে আদিবাসীর জমি দখলের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার, আদিবাসী ও মানবাধিকার সংগঠনগুলো।
শহরের ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়- নাটোরের লালপুর উপজেলার দক্ষিণ লালপুরের আদিবাসী রবি সরদার বংশ পরম্পরায় তার পৈতৃক বাড়িতে বাস করছিলেন। মুক্তিযুদ্ধকালীন পাশের দেশ ভারতের শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন। দেশ স্বাধীনের পর তারা তাদের পৈতৃক বাড়িতে ফিরে এসে দেখেন স্থানীয় প্রভাবশালী আমির হোসেনের ছেলে মোজাফফর হোসেন, তোফায়েল আহম্মেদ ও ফিরোজ আহমেদ জায়গাটি দখল করে নিয়েছে। পরে রবির পরিবার জায়গা দখল না পেয়ে অন্যের বাড়িতে বসবাস শুরু করেন। এরই মধ্যে ভুয়া কাগজপত্র তৈরি করে নেন দখলদাররা। ইতোমধ্যে রবি সরদার মারা গেলে তার পরিবারের পক্ষে জায়গাটি ফিরে পেতে আদালতের শরণাপন্ন হন রবির ভাতিজা বিকাশ ও বিধান সরদার।
আদালত দীর্ঘ শুনানি শেষে ২০১৪ সালের ৭ মে রায় ও একই বছরের ১৪ মে ৭৬ শতাংশের মধ্যে ২৬ শতক ডিক্রি প্রদান করেন। কিন্তু দখলকারীরা প্রভাবশালী হওয়ায় আদালতের রায় পাওয়ার পরও ভুক্তভোগী পরিবারকে দখল তো ছাড়ছেই না বরং নানাভাবে মানসিক নির্যাতন ও বসবাস করা অন্যের জায়গা থেকেও উচ্ছেদের নানারকম হুমকি-ধমকি দিচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন- বিধান সরকারসহ তার পরিবারের সদস্যরা, আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি নরেশ উরাও এবং মানবাধিকার কর্মী মেহনাজ পারভীন মালা প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মোজাফফর হোসেন বলেন, এটা তার পিতার কেনা সম্পত্তি। ওই সময় তার পিতাসহ অনেকেই এ জমি কিনেন। কেনা জমিতে সবাই বাড়ি করলেও তারা এখনো ফাঁকাই রেখেছেন। এ সুযোগে আদিবাসী বিকাশ ও বিধান সরদার জমিটি দখল করার অপচেষ্টা করছেন।