ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
রাঙ্গুনিয়ার গুমাইবিলজুড়ে সোনালী ধানের সমারোহ, চলছে আগাম ধান কাটার ধুম
এম. মতিন, রাঙ্গুনিয়া
প্রকাশ: Tuesday, 17 November, 2026, 5:52 PM

রাঙ্গুনিয়ার গুমাইবিলজুড়ে সোনালী ধানের সমারোহ, চলছে আগাম ধান কাটার ধুম

রাঙ্গুনিয়ার গুমাইবিলজুড়ে সোনালী ধানের সমারোহ, চলছে আগাম ধান কাটার ধুম

চট্টগ্রামের একটি প্রাচীন আঞ্চলিক প্রবাদ রয়েছে, ‘"হাতত কাঁচি কোঁরত দা, ভাত খাইলে রইন্ন্যা যা'। এর সরল অর্থ হলো— "যদি ভাত খেয়ে বাঁচতে চাও, তবে হাতে ধান কাটার কাঁচি আর কোমরে দা নিয়ে রাঙ্গুনিয়া চলে যাও"। প্রবাদটি প্রচলিত হয়েছিল দেশের আড়াই দিনের খাদ্য উৎপাদনকারী চট্টগ্রামের শস্য ভান্ডারখ্যাত রাঙ্গুনিয়ার গুমাই বিলকে নিয়ে। 

সরেজমিনে দিগন্ত বিস্তৃত গুমাই বিল ঘুরে দেখা গেছে, গুমাইবিলের বিশাল মাঠজুড়ে সোনালি ধানের সমারোহ। ভোরের কুয়াশা মোড়ানো বিস্তীর্ণ মাঠে সোনালি ধানের শীষে জড়িয়ে থাকা ভোরের শিশিরকণা ঝরে পড়তে। ভোরের আলো ফুটতেই কাস্তে হাতে দলবেঁধে মাঠে নামছেন কৃষকেরা। তাঁদের কেউ দিচ্ছেন পাকা ধানের গোছায় কাস্তের পোঁচ। কেউ বাঁধছেন আঁটি, আবার কেউবা নিচ্ছেন কাটা ধানের আঁটি বহনের প্রস্তুতি। সবমিলিয়ে গুমাই বিলে আমন ধান কাটার উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। 

গুমাই বিলে এ বছর ধানের ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে ফুটেছে স্বস্তি ও আনন্দের হাসি। তবে ভালো ফলন মিললেও শ্রমিকের বাড়তি মজুরির কারণে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিত লাভ পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছে কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এবার ঐতিহাসিক গুমাইবিলে ৩ হাজার ৫০০ হেক্টর জমিসহ রাঙ্গুনিয়া উপজেলায় প্রায় ১৫ হাজার ৪শ ৫৭ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত আগাম আবাদ করা প্রায় ১ হাজার ৬০০ হেক্টর জমির ধান কাটা হয়েছে। এবছর অনুকূল আবহাওয়া ও ভালো ফলনের কারণে চলতি মৌসুমে কৃষকদের মধ্যে দেখা দিয়েছে বাড়তি উৎসাহ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাঙ্গুনিয়ার গুমাই বিলের দিগন্ত বিস্তৃত ফসলের মাঠে যেদিকেই চোখ পড়ে সেদিকেই কেবল সোনালি ধানের সমারোহ। হেমন্তের কুয়াশাভাঙা মিষ্টি রোদ আর বাতাসে ফসলের মাঠে মাঠে দোল খাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন। মাঠ গুলোতে ধান সবুজ বর্ণ থেকে হলুদ বর্ণ ধারণ করছে। আগাম আবাদ করায় উপজেলার রাজানগর, দক্ষিণ রাজানগর, লালানগর, পদুয়া, সরফভাটা, কোদালা, পোমরা, বেতাগী, শিলক, হোসনাবাদ, পারুয়ার বিভিন্ন বিলে রোপা আমন ধান কাটছেন কৃষকেরা।

বিশেষ করে গুমাই বিলের নিশ্চিন্তাপুর, কাটাখালি, বটতল, মাঝের বিল, কদমতলি, কাজির বিল, নাতিন্ন্যাবিল, নাইস্যাবিল ফিরানীবিল, অতিথিখিল, কাজীরখিল ও কাঁচিরদিঘী বিলের মাঠে মাঠে দেখা গেছে ধান কাটার ব্যস্ততা। অনেক জমিতে ধানের শীষ সোনালি রং ধারণ করেছে, আবার কিছু জমিতে ধান পাকতে শুরু করেছে।

রাঙ্গুনিয়ার গুমাইবিলজুড়ে সোনালী ধানের সমারোহ, চলছে আগাম ধান কাটার ধুম

রাঙ্গুনিয়ার গুমাইবিলজুড়ে সোনালী ধানের সমারোহ, চলছে আগাম ধান কাটার ধুম

উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন গাজী বাড়ী গ্রামের কৃষক গাজী নাসির উদ্দীন জানান, তিনি এবার গুমাইবিল ৬০ কানি জমিতে রোপা আমন ধানের আবাদ করেছেন। এর মধ্যে ৪০ কানি জমিতে বিআর ৪৯, বিআর ৫১ ও কাটারীভোগ জাতের ধান চাষ করেছেন। এসব জমির কিছু অংশের ধান পাকতে শুরু করেছে এবং কয়েকটি জমিতে ইতোমধ্যে ধান কাটা শুরু করেছেন।

একই গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম বলেন, 'গত বছরের তুলনায় এ বছর রোপা আমন ধানের ফলন বেশ ভালো হয়েছে। এতে অনেকটাই আশাবাদী ও আনন্দিত হলেও খরচের তুলনায় ধানের ন্যায্য দাম পাওয়া নিয়ে কিছুটা শঙ্কায় আছি।'

উপজেলার গুমাইবিলে আগাম সাদা পাজাম জাতের ধান কেটে ঘরে তুলেছেন কৃষক নূর উদ্দিন। তিনি এবার ৬ হেক্টর জমিতে আমন আবাদ করেছেন, যার মধ্যে ১ হেক্টর জমিতে আবাদ করা সাদা পাজাম থেকে প্রায় ৫.৫ মেট্রিক টন গড় ফলন পেয়েছেন।

পোমরা ইউনিয়নের কৃষক মঈনুদ্দিনও ৫ হেক্টর জমিতে আবাদ করে আগাম জাতের সাদা পাজাম ধান কেটে বেশ ভালো ফলন পেয়েছেন বলে জানান। আগামী এক সপ্তাহের মধ্যে উপজেলায় পুরোদমে এই ধান কাটা শুরু হবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবারে ব্রী ধান-৮৭, ব্রী ধান-১০৩, স্থানীয় উন্নত জাতের সাদা পাজাম এবং কাটারী ভোগ জাতের ধান কাটা হচ্ছে। উফশী জাতের ধান প্রতি হেক্টরে ৫.৬ থেকে ৬.২ মেট্রিক টন এবং হাইব্রিড জাতের ধান প্রতি হেক্টরে ৬.৫ থেকে ৮.৭ মেট্রিক টন পর্যন্ত উৎপাদিত হচ্ছে।

উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা উত্তম কুমার জানান, বর্তমানে বাজারে প্রতি আড়ি মোটা ধান ২২০ টাকা (১০ কেজিতে এক আড়ি) এবং চিকন ধান ২৬৫ থেকে ২৭০ টাকায় বিক্রি হচ্ছে। তবে স্থানীয় চাহিদাসম্পন্ন সাদা পাজাম ধান প্রতি আড়ি (১০ কেজি) ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

রাঙ্গুনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা বেলাল হোসেন বলেন, চলতি মৌসুমে উপজেলায় প্রায়
১৫ হাজার ৪শ ৫৭ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। এ বছর ধানের ফলনও হয়েছে বেশ ভালো। মাঠপর্যায়ে কৃষকেরা ধান কাটা শুরু করেছেন। কৃষকরা এ বছর ভালো লাভবান হবো।

এদিকে গুমাই বিলে ধান কাটা শুরু হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিকরা আসতে শুরু করেছেন। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন হাটবাজারে ধান কাটা শ্রমিকদের ভিড় দেখা গেছে। 

সব মিলিয়ে রাঙ্গুনিয়ায় এখন আবাদকৃত সোনালি ফসল ঘরে তোলার উৎসব চলছে। একইসাথে উৎপাদিত ফসল বিক্রি করে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি আর্থিকভাবে লাভবান হওয়ার নতুন স্বপ্ন দেখছেন রাঙ্গুনিয়ার কৃষকরা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status