|
কুড়িগ্রামে নাসিমা বেগম নামের এক গৃহবধু রহস্যজনকভাবে তিন মাস ধরে নিখোঁজ
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে নাসিমা বেগম নামের এক গৃহবধু রহস্যজনকভাবে তিন মাস ধরে নিখোঁজ এ ঘটনায় থানায় অপহরণ মামলা দায়েরের পর পুলিশ দুজনকে গ্রেপ্তার করলেও গত তিন মাসেও নিখোঁজ গৃহবধূর কোনো সন্ধান বা উদ্ধার করা সম্ভব হয়নি। পরিবার লোকজন জানায়, গত ১৮ আগস্ট নাগেশ্বরীতে চিকিৎসক দেখানোর উদ্দেশ্যে বাড়ি থেকে অটোরিকশাযোগে বের হন নাসিমা বেগম। একই অটোরিকশায় তার মেয়ে, ছেলের বউ ও নাতি পাসপোর্ট করার উদ্দেশ্যে কুড়িগ্রাম যাচ্ছিলেন। পথিমধ্যে আজমাতা ব্রিজপাড় এলাকায় শারীরিক প্রয়োজনে নাসিমা বেগম বাকিদের চলে যেতে বলেন এবং রাস্তার পাশে তার ননদ মায়ামনির বাড়িতে যান। সেখানে খাওয়াদাওয়া শেষে তাকে পুনরায় একটি অটোরিকশায় তুলে দেওয়া হয়। সর্বশেষ আন্ধারীঝাড় বাজার মোড়ের সিসিটিভি ফুটেজে তাকে অটোরিকশা থেকে নামতে দেখা যায়। এরপর থেকেই তিনি সম্পূর্ণ নিখোঁজ। এদিকে নাসিমা বেগম নিখোঁজের ৮-১০ দিন পর নাগেশ্বরীর রায়গঞ্জ বাজার এলাকার মিজানুর নামের এক ব্যক্তি পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানান, মোটা অঙ্কের টাকার বিনিময়ে এক ব্যক্তি নাসিমা বেগমকে হস্তান্তর করতে রাজি আছেন। তবে পরবর্তী সময়ে তিনি অবস্থান পরিবর্তন করে জানান, অন্য একটি মেয়ে পাওয়া গেছে, যিনি নাসিমা বেগম নন। অপরদিকে পার্শ্ববর্তী ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের চর ধাউরারকুটি গ্রামের ইউনুছ আলী নামের এক ব্যক্তি জানান, নিখোঁজের দুদিন পর নাসিমা বেগমকে পাশের একটি বাড়িতে তিনি অচেতন অবস্থায় দেখেছিলেন। নিখোঁজ নারীর ছেলে নাসিম মিয়া এই তথ্য পেয়ে ওই বাড়িতে যাওয়ার আগেই নাসিমা বেগমকে সেখান থেকে সরিয়ে ফেলা হয় এবং সন্দেহভাজন ওই পরিবারের সবাই বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যায়। নিখোঁজ নাসিমা বেগমের স্বামী নজরুল ইসলাম নজু জানান, তিনি ১৯৯৩ সাল থেকে ব্যবসার সূত্রে ভারতের দিল্লিতে যাতায়াত করতেন এবং ১৯৯৭ সালে দিল্লিতেই নাসিমা বেগমকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। নাসিমা বেগমের বাবার বাড়ি দিল্লিতে হলেও তিনি দীর্ঘদিন ধরে এ দেশের নাগরিক হিসেবে বাংলাদেশেই বসবাস করছিলেন। সম্প্রতি ভারতে নানামুখী জটিলতার কারণে গত কোরবানি ঈদের ১০ দিন আগে দিল্লির যাবতীয় সম্পদ বিক্রি করে সপরিবারে স্থায়ীভাবে বাংলাদেশে চলে আসেন তারা। নাসিমা বেগমের ছেলে নাসিম মিয়া জানান, গত ১৮ আগস্ট তার মা নিখোঁজ হওয়ার সময় তিনি জীবিকার প্রয়োজনে দিল্লিতে অবস্থান করছিলেন। খবর পেয়ে তিনি ১২ দিন পর্যন্ত দিল্লিতে অবস্থান করে তার মামা, খালাসহ পরিচিতজনদের বাড়িতে মায়ের খোঁজখবর নেন। কোনো হদিস না পেয়ে ৩০ আগস্ট তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং ২০ সেপ্টেম্বর মিজানুরসহ ১০ জনের নাম উল্লেখ করে নাগেশ্বরী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। নাসিম মিয়ার অভিযোগ, তার মায়ের বাবার বাড়ি দিল্লিতে হওয়ায় পুলিশ বিষয়টিকে আশানুরূপ গুরুত্ব দিচ্ছে না। স্বামী নজরুল ইসলাম নজু আক্ষেপ করে বলেন, পেটের দায়ে তিনি দিল্লিতে ভাঙারির ব্যবসা করতেন। দীর্ঘদিন পর সপরিবারে বাংলাদেশে ফিরে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন। তার স্ত্রী মাঝেমধ্যে নাগেশ্বরীতে গিয়ে সংসারের টুকটাক জিনিসপত্র কিনতেন। এভাবে হঠাৎ উধাও হয়ে যাওয়ায় পুরো পরিবার দিশাহারা হয়ে পড়েছে। স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহাবুবার রহমান সরকার জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও দফাদারসহ সবাই মিলে নিখোঁজ নারীকে খুঁজছেন। জনাকীর্ণ এলাকা থেকে একজন মানুষের এভাবে নিখোঁজ হয়ে যাওয়া এবং পুলিশ প্রশাসন তাকে খুঁজে না পাওয়া অত্যন্ত উদ্বেগজনক। এ ব্যাপারে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক প্রধান জানান, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি অপহরণ নাকি নিখোঁজ, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বাদী অপহরণ মামলা করেছেন এবং মামলাটি তদন্তাধীন রয়েছে। এখনো রহস্য উদঘাটন করা সম্ভব না হলেও ভুক্তভোগীকে উদ্ধারে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
