মাদারীপুরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনের বিনিময়ে টাকা না দেওয়ায় এক লঞ্চের স্টাফকে মারধরের ঘটনায় অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল ৯টা থেকে দেড়ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ রাখেন লঞ্চ মালিকরা।
পরে লঞ্চ মালিক সমিতির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়। এ সময় দুর্ভোগে পড়েন যাত্রীরা।
ঘাটের লঞ্চ শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাংলাবাজার ঘাটে এমভি আকাশ লঞ্চে অতিরিক্ত যাত্রী উঠানো হলে লঞ্চটির স্টাফ সেলিম শেখের কাছে টার্মিনাল ইন্সপেক্টর আক্তার হোসেন পাঁচশ টাকা দাবি করেন। এর পরিপ্রেক্ষিতে সেলিম শেখ ১০০ টাকা দিতে রাজি হয়। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়।
একপর্যায়ে টার্মিনাল ইন্সপেক্টর (টিআই) আক্তার হোসেন সেলিম শেখকে মারধর করে রক্তাক্ত করে। এ খবর ছড়িয়ে পড়লে ঘাটগুলোতে অবস্থানরত লঞ্চ শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে বাংলাবাজার-শিমুলিয়া রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে লঞ্চ মালিক সমিতির উদ্যোগে বিচারের আশ্বাসে দেড় ঘণ্টা পর সাড়ে ১০টায় লঞ্চ চলাচল শুরু হয়।
আহত স্টাফ সেলিম শেখ বলেন, প্রত্যেকটি লঞ্চের ট্রিপ প্রতি টিআই ১০০ টাকা করে নেয়। কিছুদিন ধরে সে লঞ্চগুলো থেকে আরও বেশি টাকা নিচ্ছে। আজ সে আমাদের লঞ্চে বেশি যাত্রী দেওয়া হয়েছে দাবি করে ৫০০ টাকা দাবি করে। দিতে রাজি না হওয়ায় সে আমাকে বেধড়ক মারধর করে।
টার্মিনাল ইন্সপেক্টর আক্তার হোসেন টাকা চাওয়ার কথা অস্বীকার করে বলেন, এখন কালবৈশাখী ঝড়ের মৌসুম। ওই লঞ্চটিতে নাবিক সংকট থাকার কারণে যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে লঞ্চটি বন্ধ রাখতে বলি। তাই স্টাফরা আমার অফিস রুমে ঢুকে আমাকে ধাক্কা দেয়। আমিও ধাক্কা দিলে ওই স্টাফের কানের কাছে কেটে যায়। তাই স্টাফরা জোট করে লঞ্চ বন্ধ রেখেছিল।
তিনি আরও বলেন, টাকা চাওয়ার ব্যাপারটি সম্পূর্ণ বানোয়াট। তারা উল্টো আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে।
লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির বলেন, লঞ্চ স্টাফরা লঞ্চ বন্ধ করে দিলে আমরা বিআইডব্লিউটিএ পরিচালক মো. রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করি। তিনি বিচারের আশ্বাস দিয়েছেন।