ইয়াসির আলী চৌধুরীর টেস্ট অভিষেক হয়েছিল আগেই। আফগানিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজ দিয়ে তার ওয়ানডে ও টি-২০তেও অভিষেক হয়েছে। যদিও রঙিন পোশাকে আন্তর্জাতিক অঙ্গনে যাত্রার শুরুটা একদমই সন্তোষজনক ছিল না।
ঘরোয়া ক্রিকেটে নিজেকে আগেই প্রমাণ করেছেন ইয়াসির। আন্তর্জাতিক ক্রিকেটে তাকে নিয়ে অবশ্য বেশ আশাবাদী ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তামিম মনে করেন, ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে ইয়াসিরই যথার্থ ব্যক্তি।
এ বিষয়ে তামিম বলেন, ‘মাত্র একজনকে নতুন সুযোগ দিয়েছি। সে মাত্র ৩ ইনিংস খেলেছে। তাকে আরো ৫-৬ ইনিংস খেলতে দেওয়া হোক। তারপর আমরা এটা নিয়ে চিন্তা করব।’
এরপর ইয়াসিরের নাম উল্লেখ করলেই তামিম জানালেন আস্থা আর বিশ্বস্ততার বিষয়ে। তিনি বলেন, ‘ইয়াসির এমন একজন, আমি মনে করি যাকে দলে নেয়া বেশ যথার্থ ছিল। ঘরোয়া ক্রিকেটে সে অনেক রান করেছে। এরপর জাতীয় দলে এসেছে।’
তামিম তাই দ্বিধাহীনভাবে মনে করেন, ইয়াসিরের সামনে আরো কিছু ম্যাচে সুযোগ পাওয়ার যোগ্যতা আছে। তিনি বলেন, ‘আমি মনে করি সে আরো অনেক সুযোগ পাওয়ার যোগ্যতা রাখে। আরো ৬-৭ ম্যাচ পর দেখব সে কেমন করল।’
তামিম যোগ করেন, ‘পাঁচ নম্বর এমন একটা পজিশন, যেখানে আমরা এখনো সঠিক ব্যাটার খুঁজে পাইনি। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমি আশা করি ইয়াসিরই পাঁচের জন্য সঠিক ব্যাটার।’
ব্যাটিং অর্ডারের সাত নম্বরে এখন ভরসা হয়ে উঠেছেন আফিফ হোসেন ধ্রুব, যিনি আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের অন্যতম নায়ক। সাতে আফিফের ওপরই ভরসা রাখছেন তামিম। তিনি বলেন, ‘৭ নম্বর নিয়ে আমি সন্তুষ্ট। আফিফ সাতে ব্যাট করছে। সে ঠিকঠাক করছে।’