|
এজাহারে নাম, গ্রেপ্তার নেই
ফুলবাড়ীয়ায় প্রকাশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
|
|
![]() ফুলবাড়ীয়ায় প্রকাশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয়দের অভিযোগ, পুলিশের সহযোগিতা ও ম্যানেজ করেই তারা এলাকায় নির্বিঘ্নে চলাফেরা করছেন। এ ঘটনায় জুলাই আন্দোলনে আহত ও সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। জানা যায়, উপজেলার এনায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বুলবুল হোসেন, রাধাকানাই ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল তরফদার এবং ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জবান আলী—তিনজনই ৫ আগস্ট-পরবর্তী হামলার মামলায় এজাহারভুক্ত আসামি। তবে মামলা থাকা সত্ত্বেও তারা ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া থানা গেটের সামনে পুলিশি পাহারায় এজাহারভুক্ত আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য খলিলুর রহমান ব্যবসা পরিচালনা করছেন বলেও অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ৫ আগস্টের পর ফুলবাড়ীয়া থানায় মোট দু'টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি ৭১০ জন। এর মধ্যে এজাহারভুক্ত আসামি ১১০ জন। বাকি ছয় শতাধিক আসামি অজ্ঞাতনামা। এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন মাত্র ৪০ থেকে ৫০ জন। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগের উল্লেখযোগ্য কোনো পদধারী নেতা নেই। দু-একজন ইউনিয়ন পর্যায়ের নেতা ছাড়া অধিকাংশই সাধারণ কর্মী বলে দাবি সংশ্লিষ্টদের। পুলিশ বলছে, জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর হামলা ও বিভিন্ন অপরাধে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের ক্ষেত্রে পুলিশের ভূমিকা রহস্যজনক। আসামিদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার এড়িয়ে যাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। ফুলবাড়ীয়া থানার এএসআই ইউনুছ কবিরের বিরুদ্ধে আওয়ামী লীগের পদধারী নেতা, এজাহারভুক্ত ইউপি চেয়ারম্যান ও মাদক কারবারিদের কাছ থেকে নিয়মিত মাসোয়ারা নেওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে, পুলিশের নিরাপত্তা দেয়ার বিনিময়ে তিনি এসব অর্থ নেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগের এসব নেতাকর্মী এলাকায় বীরদর্পে ঘুরে বেড়াচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। এমনকি ওসি এখন জেলা পুলিশ সুপারের নিয়ন্ত্রণে নেই, রেঞ্জ ডিআইজির নিয়ন্ত্রণে রয়েছেন—এমন অভিযোগও করেছেন কেউ কেউ। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুল আলম ফারুক বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের দোসররা এজাহারভুক্ত আসামি হয়েও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। বিষয়টি প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছি। দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছি।’ তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর থেকে এজাহারভুক্ত আসামিরা প্রকাশ্যে ঘুরলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। আসামিরা অর্থের বিনিময়ে পুলিশের কর্মকর্তাদের ম্যানেজ করেছেন বলে অভিযোগ রয়েছে। কারও বিরুদ্ধে আসামির তথ্য দেওয়া হলে অভিযানে নামার আগেই পুলিশ তাকে ফোন করে সরে যেতে বলছে। ফুলবাড়ীয়া থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য ওসি দায়ী।’ ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, এজাহার নামীয় কোন আসামি নাই এরা পলাতক আছে, যাদের পাই তাদের গ্রেফতার করতেছি। ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল-মামুন বলেন, এজাহার নামীয় আসামি প্রকাশ্যে নাই, যদি থাকে তাহলে আপনি নামগুলো দেন আজ রাতেই গ্রেফতার করব। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
