|
লকডাউনের প্রভাব পড়েনি রাঙ্গুনিয়ায়, মাঠে বিএনপির অবস্থান
এম. মতিন, রাঙ্গুনিয়া
|
![]() লকডাউনের প্রভাব পড়েনি রাঙ্গুনিয়ায়, মাঠে বিএনপির অবস্থান বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে সরেজমিনে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই আগের মতো চলছে দূরপাল্লার বাস। অফিস-আদালত ও ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম অন্যান্য দিনের মতোই চলছে। কর্মজীবী মানুষ স্বাভাবিকভাবে কর্মস্থলে যাচ্ছেন। সব দোকানপাট ও বিপণিবিতান খোলা রয়েছে। এদিকে, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার রাত থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় মশাল মিছিল নিয়ে রাতভর পাহারা দিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকেও গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বিভিন্ন পয়েন্ট ও ইউনিয়নে অবস্থান কর্মসূচি নিয়ে মাঠে রয়েছেন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অন্যদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও নাশকতা এড়াতে উপজেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সকাল থেকেই শান্তিরহাট, গোছরা চৌমুহনী, ইছাখালি, রোয়াজারহাট, মরিয়ম নগর, চন্দ্রঘোনা, ধামাইরহাট, রানীরহাটসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের বাড়তি টহল ও উপস্থিতি লক্ষ্য করা গেছে। রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহির উদ্দিন বলেন, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনার মোকাবেলা করার জন্য রাঙ্গুনিয়া ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পুলিশ প্রস্তুত আছে। লকডাউনের নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সম্ভাব্য নাশকতা ঠেকাতে উপজেলার বিভিন্ন স্থানে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। যদি কেউ কোনো প্রকারের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করলে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে। উল্লেখ্য, বিকাল সাড়ে ৩টায় এ নিউজ লেখা পর্যন্ত রাঙ্গুনিয়ার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
