ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬ ● ৩ অগ্রহায়ণ ১৪৩৩
সাদা-কালো ঘরে দুই বোনের আলো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 18 November, 2026, 11:49 AM

সাদা-কালো ঘরে দুই বোনের আলো

সাদা-কালো ঘরে দুই বোনের আলো

বড় বোন ওয়ালিজা আহমেদের সঙ্গে দাবা ফেডারেশনে যাওয়া-আসা করতেন ছোট্ট ওয়াদিফা আহমেদ। তখন তাঁর বয়স মাত্র আট বছর। বড় বোনের খেলা দেখতে দেখতে একসময় নিজেই শিখে ফেলেন দাবা। কোনো প্রথাগত প্রশিক্ষণ ছাড়াই সাদা-কালো ঘুঁটির সঙ্গে শুরু হয় তাঁর পথচলা। সেই ছোট্ট মেয়েটিই ১৭ বছর বয়সে এসে জিতেছেন জাতীয় মহিলা দাবার শিরোপা। আর তাঁর ঠিক পেছনে রানারআপের জায়গাটি দখল করেছেন বড় বোন ওয়ালিজা।

জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে এমন সাফল্য শুধু দুই বোনের ব্যক্তিগত অর্জন নয়, তাঁদের পরিবারেরও বহুদিনের স্বপ্নপূরণ। বাবা-মায়ের চাওয়া ছিল, জাতীয় দাবার মঞ্চে একদিন পাশাপাশি দেখা যাবে দুই মেয়েকে। একজন হবেন চ্যাম্পিয়ন, অন্যজন রানারআপ। দাবার নিয়মে একই আসরে দুজনের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ নেই। তাই শীর্ষ দুটি স্থান নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার স্বপ্ন দেখেছিলেন তাঁরা। এবার সেটিই সত্যি হয়েছে।


নৌবাহিনীর মহিলা আন্তর্জাতিক মাস্টার (ডব্লিউআইএম) ওয়াদিফা ১৩ খেলায় সাড়ে ৯ পয়েন্ট পেয়ে প্রথমবারের মতো জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন। দ্বিতীয় থেকে ষষ্ঠ স্থান নির্ধারণী প্লে-অফে ৮ খেলায় সাড়ে ৫ পয়েন্ট পেয়ে রানারআপ হয়েছেন নৌবাহিনীরই মহিলা ক্যান্ডিডেট মাস্টার (ডব্লিউসিএম) ওয়ালিজা। ৫ পয়েন্ট নিয়ে নৌবাহিনীর নোশিন আঞ্জুম তৃতীয় এবং সাড়ে ৩ পয়েন্টে আনসারের নুশরাত জাহান আলো চতুর্থ হয়েছেন। ব্লিৎজ প্লে-অফে নীলাভা চৌধুরীকে ২-০ গেম পয়েন্টে হারিয়ে পঞ্চম স্থান পেয়েছেন নৌবাহিনীর ওয়ারসিয়া খুশবু।

জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ওয়াদিফার অনেক দিনের। ছোটবেলা থেকে সাদা-কালো বোর্ডের প্রতি ভালোবাসাই তাঁকে টেনে রেখেছে দাবার জগতে। বড় বোনের সঙ্গে একই আসরে খেললেও দুজনের মধ্যে ছিল না সেরা হওয়ার আলাদা লড়াই। তাঁদের কাছে গুরুত্বপূর্ণ ছিল শীর্ষ দুটি জায়গা নিজেদের পরিবারের মধ্যে রাখা। প্রথমবার সেই স্বপ্ন পূরণ হওয়ায় খুশি ওয়াদিফা। গতকাল গণমাধ্যমকে তিনি বলেন, ‘অনেক দিনের স্বপ্ন ছিল। ছোটবেলা থেকে এই পরিবেশে বড় হয়েছি, সাদা-কালো বোর্ডের প্রতি একটা ভালোবাসা ছিল। আমাদের দুই বোনের মধ্যে তেমন কোনো আলাদা প্রতিযোগিতা ছিল না। আমরা চেয়েছিলাম যে-ই ফার্স্ট বা সেকেন্ড হোক, জায়গা দুটো যেন আমাদের দুজনের মধ্যে থাকে। প্রতি ন্যাশনালেই এমন চিন্তা থাকত, এবার প্রথমবার তা বাস্তবায়িত হলো।’

ছোট বোনের ঠিক পেছনে থেকে রানারআপ হয়েও ওয়ালিজার আনন্দ কম নয়। এই সাফল্যের পর তিনি ফিরে গেছেন ওয়াদিফার প্রথম টুর্নামেন্টের দিনগুলোয়। কয়েকটি ঘুঁটি বিসর্জন দিয়ে সেদিন প্রতিপক্ষকে প্রায় কিস্তিমাত করার জোগাড় করেছিল ছোট্ট ওয়াদিফা। সেই মেয়েটিই এখন জাতীয় চ্যাম্পিয়ন। বাবার স্বপ্নের কথা মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের শিক্ষার্থী ওয়ালিজা বলেন, ‘বাবা সব সময় বলতেন, তাঁর দুই সন্তানই একদিন জাতীয় চ্যাম্পিয়ন হবে। যেহেতু দুজন একসঙ্গে চ্যাম্পিয়ন হতে পারবে না, তাই একজন হবে চ্যাম্পিয়ন, আরেকজন রানারআপ। অনেক চড়াই-উতরাই আর ত্যাগের পর অবশেষে আমরা পেরেছি! সেই ছোট্ট মেয়েটিই শেষ পর্যন্ত বাজিমাত করল, আর আমি গর্বের সঙ্গে ওর পেছনেই থাকলাম।’

দুই বোনের দাবাড়ু হয়ে ওঠার পেছনে বড় ভূমিকা মা তাসলিমা খাতুনের। ইতালিতে বসবাস শেষে দেশে ফিরে তিনিই মেয়েদের দাবার সঙ্গে যুক্ত করেন। তাঁদের বাবা নিজেও একসময় জাতীয় পর্যায়ের দাবাড়ু ছিলেন। মায়ের হাত ধরে ১১ বছর বয়সে দাবা শুরু করেন ওয়ালিজা। পাঁচ বছরের ছোট ওয়াদিফা বড় বোনের সঙ্গে ফেডারেশনে যাতায়াত করতে করতেই আট বছর বয়সে শিখে ফেলেন খেলাটি।

দুই মেয়ের পাশাপাশি এমন সাফল্যে সবচেয়ে বেশি তৃপ্তি মায়ের। যে স্বপ্ন নিয়ে মেয়েদের দাবার জগতে এনেছিলেন, এত দিন পর জাতীয় মঞ্চে তার পূর্ণতা দেখছেন তিনি। তাসলিমা খাতুন বলেন, ‘আমাদের একটা স্বপ্ন ছিল যে আমার দুই মেয়ে একসঙ্গে ন্যাশনালে থাকবে। একসঙ্গে তো আর দুজন চ্যাম্পিয়ন হতে পারবে না, তাই একজন চ্যাম্পিয়ন হবে, আরেকজন রানারআপ—পাশাপাশি দুজন থাকবে। এই স্বপ্ন পূরণ হয়েছে, অনেক ভালো লাগছে।’

বাবার স্বপ্ন, মায়ের হাত ধরে দাবায় আসা আর বড় বোনের সঙ্গে ফেডারেশনে যাতায়াত—সব মিলিয়েই ওয়াদিফার এই পথচলা। ৬৪ ঘরের বোর্ডে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছেন ছোট বোন, রানারআপ বড় বোন। কিন্তু এই ফলের আনন্দে আলাদা করে কেউ জেতেননি, জিতেছে দুই বোনের একসঙ্গে বড় হয়ে ওঠা এবং পরিবারের দীর্ঘদিনের লালিত স্বপ্ন।

দুই বোন একটি খেলায় সর্বোচ্চ পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানারআপ হওয়ার ঘটনা খুবই কম । বাংলাদেশের টেবিল টেনিসের রানী হিসেবে খ্যাত সাবেক জাতীয় চ্যাম্পিয়ন জোবেরা রহমান লিনু । তাঁর বড় বোন মুনির মোর্শেদ হেলেনও ছিলেন প্রথম জাতীয় মহিলা টিটি চ্যাম্পিয়ন । ১৯৭৪ সালে সেবার রানারআপ হয়েছিলেন লিনু । ওয়াদিফা ও ওয়ালিজার কৃতিত্ব ফিরিয়ে এনেছে ৫২ বছর আগের সেই স্মৃতি ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status