দুর্গাপুরে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো ঐতিহ্যবাহী নবান্ন উৎসব
ধনেশ পত্রনবীশ
প্রকাশ: Monday, 16 November, 2026, 9:39 PM
দুর্গাপুরে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো ঐতিহ্যবাহী নবান্ন উৎসব
হেমন্তের হিমেল হাওয়া আর মাঠজুড়ে সোনালি আমন ধান কাটার ধুম, সবমিলিয়ে নতুন ধানের মৌ মৌ গন্ধে এখন মুখরিত চিরায়ত গ্রামবাংলা। শেকড়ের সেই চিরচেনা উৎসবের ছোঁয়া লেগেছে নেত্রকোনার দুর্গাপুরে অবস্থিত বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি প্রাঙ্গণে। সোমবার (১৬ নভেম্বর, ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ) সন্ধ্যায় একাডেমি মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে আবহমান বাংলার ঐতিহ্যবাহী ‘নবান্ন উৎসব’। একাডেমির নৃত্যশিক্ষক মালা মার্থা আরেংয়ের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন একাডেমির পরিচালক অঞ্জন চিছাম এবং বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর প্রেস ক্লাবের সাংবাদিক ধনেশ পত্রনবিশ ও শাহীন মিয়া এবং স্থানীয় বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন। আলোচনা পর্বে একাডেমির পরিচালক অঞ্জন চিছাম বলেন, “বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে আচার-অনুষ্ঠান ও উৎসব পালিত হয়, নবান্ন তার মধ্যে অন্যতম। এ উৎসবের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে বাঙালির হাজার বছরের ঐতিহ্য। অগ্রহায়ণ মাসের শুরুতেই চলে উৎসবের নানা আয়োজন। নতুন ধান কাটা এবং সেই ধানের প্রথম অন্ন ভোজনকে কেন্দ্র করেই মূলত এ উৎসব পালন করা হয়।” আমাদের এই গৌরবোজ্জ্বল ঐতিহ্য ধরে রাখতে তিনি সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে একাডেমির শিল্পীদের পরিবেশনায় এক আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় শিল্পীরা গ্রামবাংলার লোকজ নৃত্য, গান ও মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে উপস্থিত দর্শকদের মাতিয়ে তোলেন।