কুড়িগ্রামের উলিপুরে গাঁজা ও বিদেশি মদ উদ্ধার ১ মাদককারবারি গ্রেপ্তার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম:
প্রকাশ: Monday, 16 November, 2026, 9:37 PM
কুড়িগ্রামের উলিপুরে গাঁজা ও বিদেশি মদ উদ্ধার ১ মাদককারবারি গ্রেপ্তার
কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১কেজি গাঁজা ও ২৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ ১৬ নভেম্বর সোমবার উলিপুর থানা পুলিশের তথ্যে জানা যায়, গতকাল ১৫ নভেম্বর রোববার দুপুরে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর বালাডোবা এলাকায় কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ( ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ১কেজি গাঁজা ও ২৫ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকায় ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল উত্তর বালাডোবা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অভিযুক্ত বাহাদুর রবিদাস ওরফে বাচ্চুর (৩৮) বসতবাড়ির রান্নাঘর তল্লাশি করে এক কেজি গাঁজা এবং অফিসার’স চয়েস ব্র্যান্ডের ২৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাহাদুর রবিদাস ওরফে বাচ্চু উত্তর বালাডোবা গ্রামের মৃত হিরালাল রবিদাসের ছেলে।
কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলায় মাদক নির্মূলে ডিবি পুলিশের অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উলিপুরে অভিযান চালিয়ে গাঁজা ও বিদেশি মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। জেলায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।