|
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, ১৭ কোটি দেনা, বাড়ি-গাড়ি অবরুদ্ধ—সেই আলভেসের জীবন এখন দুর্বিষহ
নতুন সময় ডেস্ক
|
![]() স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, ১৭ কোটি দেনা, বাড়ি-গাড়ি অবরুদ্ধ—সেই আলভেসের জীবন এখন দুর্বিষহ ব্রাজিলের জার্সিতে অংশ নিয়েছেন তিনটি বিশ্বকাপেও। ক্যারিয়ারে জিতেছেন অনেক শিরোপা। কিন্তু সেই দানি আলভেসের জীবনেই এখন একের পর এক সংকট। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খবর, ১৭ কোটি টাকার দেনা, পাশাপাশি খামারবাড়ি ও বিলাসবহুল গাড়ি অবরুদ্ধের নির্দেশ—সব মিলিয়ে মাঠের বাইরের সময়টা মোটেও ভালো কাটছে না ব্রাজিলের সাবেক এই ডিফেন্ডারের। ব্রাজিলের সংবাদমাধ্যম ফোলহা দে সাও পাওলো ও ইনফোমানি জানিয়েছে, গত ১২ নভেম্বর সাও পাওলোর একটি আদালত আলভেসের দুটি সম্পত্তি এবং একটি পোর্শে ব্র্যান্ডের গাড়ি অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন। প্রায় ৭০ লাখ ব্রাজিলিয়ান রিয়ালের পাওনা দাবিতে করা মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৭ কোটি টাকা। মামলাটি করেছে জিএডি ফুন্দো দি ইনভেস্তিমেন্তো এম দিরেইতোস ক্রেদিতোরিওস নামের একটি বিনিয়োগ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির দাবি, ২০২১ সালে সাও পাওলো ক্লাবের সঙ্গে চুক্তি বাতিলের পর আলভেসের পাওনা অর্থের অধিকার তারা কিনে নেয়। চুক্তি অনুযায়ী সেই অর্থ পরিশোধের কথা থাকলেও পরে তা বন্ধ হয়ে যায়। এ কারণে আদালতের দ্বারস্থ হয় প্রতিষ্ঠানটি। আলভেসের অবরুদ্ধ সম্পত্তি দুটি তার জন্মস্থান ব্রাজিলের বাহিয়া রাজ্যের জুয়াজেইরোতে। এর একটি ৬৪ দশমিক ৪২ হেক্টর আয়তনের জমি। অন্যটি আবাসিক এলাকার প্রায় ২০০ বর্গমিটারের একটি প্লট, যেখানে আলভেসের মালিকানা অর্ধেক। পাশাপাশি তার পোর্শে গাড়িটির মালিকানা হস্তান্তরেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে আদালতের এই নির্দেশ সম্পত্তি বাজেয়াপ্তের চূড়ান্ত সিদ্ধান্ত নয়। মামলাটি এখনো বিচারাধীন। ৭০ লাখ রিয়ালও প্রতিষ্ঠানটির দাবি করা অর্থ, আদালতে চূড়ান্তভাবে প্রমাণিত দেনা নয়। আলভেসের পক্ষ থেকেও আনুষ্ঠানিক জবাব আসেনি। ধর্মীয় জীবনযাপন নিয়ে স্ত্রীর সঙ্গে দূরত্ব আর্থিক সংকটের মধ্যেই ব্যক্তিজীবনে বড় ধাক্কা খেয়েছেন আলভেস। ১৪ নভেম্বর স্প্যানিশ মডেল জোয়ানা সানজের সঙ্গে তার বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। ২০১৭ সালে বিয়ে করেছিলেন তারা। ৯ বছরের সংসারে তাদের একটি কন্যাসন্তানও আছে। ইন্সটাগ্রামে এক অনুসারী জোয়ানাকে প্রশ্ন করেছিলেন, তিনি স্বামীর সঙ্গে ধর্মীয় অনুষ্ঠানে যান কি না। উত্তরে জোয়ানা লেখেন, ‘আমি (ধর্মে) বিশ্বাসী নই। সে যা করছে, যত বেশি দেখছি, ধর্মের প্রতি আমার দূরত্ব তত বাড়ছে। একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই, আমরা বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছি। ঠিক এই কারণেই।’ স্পেনের সংবাদমাধ্যম এল পাইস জানিয়েছে, আলভেসের ধর্মীয় কর্মকাণ্ডই তাদের দূরত্বের অন্যতম কারণ। কারাগার থেকে বের হওয়ার পর ধর্মীয় কাজে বেশি মনোযোগী হয়ে ওঠেন সাবেক এই ফুটবলার। বিভিন্ন দেশে ধর্মীয় অনুষ্ঠানে প্রচারক ও বক্তা হিসেবে অংশ নিচ্ছেন তিনি। এতে দীর্ঘ সময় স্ত্রী ও মেয়ের কাছ থেকে দূরে থাকতে হচ্ছে তাকে। কারাগার থেকে মুক্তি, এরপর নতুন জীবন আলভেসের জীবনে ঝড় শুরু হয়েছিল ২০২২ সালের ডিসেম্বরে। বার্সেলোনার একটি নৈশ ক্লাবে যৌন নিপীড়নের অভিযোগে ২০২৩ সালের জানুয়ারিতে গ্রেপ্তার হন তিনি। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তাকে চার বছর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে ২০২৫ সালের ২৮ মার্চ কাতালোনিয়ার উচ্চ আদালত সেই দণ্ড বাতিল করে তাকে খালাস দেন। ফলে ওই মামলায় তাকে বর্তমানে দণ্ডিত বলা যাবে না। একসময় বার্সেলোনার হয়ে লিওনেল মেসির সঙ্গে খেলেছেন, জিতেছেন একের পর এক শিরোপা। ব্রাজিলের হয়ে জিতেছেন কোপা আমেরিকা, ফিফা কনফেডারেশনস কাপ, অলিম্পিকে স্বর্ণপদক। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি শিরোপাজয়ী খেলোয়াড়দের একজন হিসেবেও পরিচিত তিনি। কিন্তু সেই বর্ণাঢ্য ক্যারিয়ারের পর এখন সম্পূর্ণ ভিন্ন বাস্তবতার মুখোমুখি আলভেস। একদিকে প্রায় ১৭ কোটি টাকার দেনার দাবি ঘিরে সম্পত্তি ও গাড়ি অবরুদ্ধ, অন্যদিকে দীর্ঘদিনের দাম্পত্য সম্পর্কে ভাঙন। সব মিলিয়ে জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছে তার। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
খাগড়াছড়ি কুজেন্দ্র মল্লিকা কলেজের সামনে ২০ পিছ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গৌরবের ১৪ নভেম্বর, ভূরুঙ্গামারীকে দেশের প্রথম হানাদারমুক্ত উপজেলা স্বীকৃতির দাবি
বাউফলে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল রুহুল আমীনের খণ্ডিত মরদেহ, গ্রেপ্তার ২
দীর্ঘ পাঁচ ঘন্টা পর চাঁদপুর-শরীয়তপুর নৌরোটে ফেরি চলাচল স্বাভাবিক
