|
আনচেলত্তির ওপর থেকে কি বিশ্বাস হারাচ্ছে ব্রাজিল?
নতুন সময় ডেস্ক
|
![]() আনচেলত্তির ওপর থেকে কি বিশ্বাস হারাচ্ছে ব্রাজিল? বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়, তারপর নতুন চক্রের প্রথম প্রীতি ম্যাচগুলোতে ভালো-মন্দ মিলিয়ে পারফরম্যান্সের পর জাপানের কাছে পরাজয়ের পর তার ওপর থেকে ভক্তদের অবশিষ্ঠ আস্থাটুকুও উধাও হয়ে গেছে। সিঙ্গাপুরে সেই ম্যাচের পর সাবেক খেলোয়াড় ও সিনেটর রোমারিও তো সর্বোচ্চ ক্ষোভ নিংড়ে বের করলেন। ‘আনচেলত্তিকে বরখাস্ত করো! জাতীয় দলের জার্সি নিয়ে তামাশা করা যায় না। আমরা আরেকটি বিশ্বকাপ হারানোর ঝুঁকি নিতে পারি না,’ সিবিএফ-কে উদ্দেশ্য করে আগ্রাসী এই মন্তব্য করেন সেলেসাওদের সঙ্গে চারটি মেজর ট্রফি জয়ী। রোমারিওর এই বক্তব্য ভক্তদের উপর প্রভাব ফেলেছিল। একটি গুগল ট্রেন্ডস সার্চে দেখা গেছে সেই চিত্র। শনি ও রোববারের মধ্যে প্ল্যাটফর্মে আনচেলত্তি সম্পর্কে খোঁজা সর্বাধিক দশটি বিষয়ের মধ্যে চারটিই ছিল তার সম্ভাব্য বরখাস্ত হওয়া নিয়ে। এছাড়া সপ্তাহের শেষ দিনে তার নাম জড়িয়ে যে দশটি বিষয় বেশি খোঁজা হয়েছে, তার মধ্যে আটটিই ছিল তাকে ছাঁটাই করার বিষয়ে। কোনো সন্দেহ নেই যে, এক বছর পাঁচ মাস আগে ব্রাজিলে আসার পর থেকে এই কোচের জন্য সর্বনিম্ন জনপ্রিয়তার মুহূর্ত এটি। আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের ২১টি ম্যাচ পরিচালনা করেছেন। যার মধ্যে ১২টিতে জয়, ৪টিতে ড্র এবং ৫টিতে হার। তার ৬৩.৫% জয়ী হওয়ার হার প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এটি তার সাম্প্রতিক পূর্বসূরিদের (ডরিভাল জুনিয়র, ১৬ ম্যাচে ৫৮.৩% এবং ফার্নান্দো দিনিজ, ৬ ম্যাচে ৩৮.৮%) চেয়ে বেশি। কিন্তু ৮১ ম্যাচে ৮০.২ শতাংশ জয়ের হার নিয়ে জাতীয় দল ছাড়া তিতের চেয়ে অনেক কম। আনচেলত্তির সাম্প্রতিক রেকর্ড ফিরে তাকালে দেখা যায়, জাতীয় দলের সাথে এই কোচের পরিসংখ্যান সেরাগুলোর মধ্যে নেই। গত দশকে, কেবল ইংল্যান্ডের এভারটনেই তার শুরুটা এর চেয়ে খারাপ ছিল, যেখানে প্রথম ২১ ম্যাচে তার পয়েন্ট অর্জনের হার ছিল ৪৭.৬%। একই সময়ের মধ্যে নাপোলি (৬৯.৮৪%), বায়ার্ন মিউনিখ (৭৬.২%) এবং রিয়াল মাদ্রিদে তার দ্বিতীয় মেয়াদে (৭৯.৩%) শুরুটা আরও ভালো ছিল। তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে, ক্লাব ফুটবলের রুটিন ও গতিশীলতা জাতীয় দলগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা। আর এই বিষয়টি আনচেলত্তির কাছে এখনও নতুন। অবশ্য কোচ সবসময় একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন যে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে তার অগ্রাধিকার ছিল তরুণ খেলোয়াড়দের পর্যবেক্ষণ করা এবং নিজের পছন্দের পরিসর আরও বড় করার চেষ্টা করছেন তিনি। কিন্তু উত্থান-পতনের মধ্যে দিয়ে যাওয়া দলের পারফরম্যান্সের কারণে ভক্তদের কুনজরে পড়েছেন আনচেলত্তি। সেনেগাল, দক্ষিণ কোরিয়া ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে এবং বিশ্বকাপে জাপানের বিপক্ষে ব্রাজিলের জয় ভক্তদের মনে দাগ কেটেছে, কিন্তু পরের ম্যাচগুলো নিয়ে হতাশার শেষ নেই। কৌশলগতভাবে আনচেলত্তি প্রথম বছরটি দুজন মিডফিল্ডার এবং চারজন ফরোয়ার্ডের একটি পদ্ধতি নিয়ে বাজি ধরেছেন। যেটা বিশ্বকাপে কাজে লাগেনি। তারপরও তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচেও সেই পদ্ধতি ধরে রেখেছিলেন। জাপানের বিপক্ষে সমস্যা ছিল রক্ষণভাগ। প্রতিপক্ষের রক্ষণে গিয়ে চাপ তৈরি করার প্রচেষ্টাগুলো ব্যর্থ হওয়ার কারণে পিছিয়ে পড়ার একটা অনুভূতি কাজ করেছিল। মঙ্গলবার দুর্বল সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচ। সেই ম্যাচে ফলাফল যাই হোক না কেন, সন্দেহের মেঘ মাথার উপরে রেখে ২০২৬ সাল শেষ করতে যাচ্ছে ব্রাজিল। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
