চাঁদপুরে পুলিশের হামলা চালিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এতে ১০ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। বুধবার বিকেলে শহরের নতুন বাজার এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খোলা ট্রাকের উপরে অস্থায়ী প্যান্ডেল স্থাপন করে বিক্ষোভ সমাবেশ করছিল জেলা স্বেচ্ছাসেবক দল। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। উপস্থিত পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে আন্দোলনকারীরা। পরে তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানো গ্যাস ও ফাঁকা গুলি ছুড়ে পুলিশ।
এ সময় পুলিশ ও পথচারীসহ কমপক্ষে ২০ জন আহত হন। ধাওয়া-পাল্টা ধাওয়া শেষে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এলাকা ত্যাগ করেন। পরে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়।
চাঁদপুর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, বিএনপি কর্মীদের ইট-পাটকেল নিক্ষেপে আমাদের ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। এখন পর্যন্ত কেউ আটক হননি।