|
রাজেন্দ্রপুর সেনানিবাসে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() রাজেন্দ্রপুর সেনানিবাসে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন শনিবার (২১ নভেম্বর) এ উপলক্ষে সেনানিবাসে আয়োজন করা হয় বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। স্টেশন সদর দপ্তর রাজেন্দ্রপুরের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অতিথিদের স্বাগত জানান বিপসটের কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান এবং স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ নাসির উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেজর জেনারেল সৈয়দ সাব্বির আহমেদ। বক্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধে গাজীপুর অঞ্চলের মানুষের সাহসিকতা, সহযোগিতা ও অসামান্য অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে এ অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বক্তব্যে মেজর জেনারেল সৈয়দ সাব্বির আহমেদ বলেন, দেশের বিভিন্ন সংকটময় মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। জাতীয় দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং দেশ গঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর ভূমিকা উল্লেখযোগ্য। তিনি আরও বলেন, আধুনিক সামরিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ে সশস্ত্র বাহিনীকে আরও দক্ষ, যুগোপযোগী ও স্বনির্ভর করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে সরকারের সহযোগিতার কথাও তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
