চট্টগ্রামের ৪১ ওয়ার্ডের অলিগলিতে উন্নয়ন পৌঁছানোর ঘোষণা চসিক প্রশাসকের
মো. মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম
প্রকাশ: Saturday, 21 November, 2026, 7:02 PM
চট্টগ্রামের ৪১ ওয়ার্ডের অলিগলিতে উন্নয়ন পৌঁছানোর ঘোষণা চসিক প্রশাসকের
চট্টগ্রাম নগরের উন্নয়ন কার্যক্রমে কোনো ওয়ার্ড বা এলাকাকে পিছিয়ে রাখা হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, নগরের প্রধান সড়কের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডের ছোট-বড় অলিগলি পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হবে। বর্ষা মৌসুম শেষ হওয়ায় আগামী পাঁচ থেকে ছয় মাস নগরজুড়ে সড়ক নির্মাণ ও সংস্কারের কাজ চলবে।
শনিবার (২১ নভেম্বর) নগরের ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে চসিকের অর্থায়নে পাঁচটি সড়কের উন্নয়নকাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
উদ্বোধন করা সড়কগুলো হলো ডি.সি. রোডের ফজলুর রহমান পাড়া (জালিয়াপাড়া) সড়ক, চাঁন্দমিয়া মুন্সি লেইনের আমীর হোসেন সড়ক ও আবেদীন সওদাগর সড়ক, মদিনা আবাসিক এলাকার আমিরুন্নেছা সড়ক এবং সবুজবাগ আবাসিক এলাকার মনোআরা ভবনসংলগ্ন সড়ক।
ডা. শাহাদাত হোসেন বলেন, বর্ষাকাল শেষ হওয়ায় শীত ও বসন্ত মৌসুমকে কাজে লাগিয়ে নগরের বিভিন্ন এলাকায় সড়ক সংস্কার করা হবে। প্রতিটি ওয়ার্ডের চলাচলের অনুপযোগী অলিগলি চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে। নগরবাসীর চলাচলে ভোগান্তি কমানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।
চসিক প্রশাসক জানান, গত দুই বছরে নগরে সড়ক, অবকাঠামো, নালা ও ড্রেন সংস্কারসহ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে বর্তমানে আরও উন্নয়নকাজ চলছে। কোনো কোনো ওয়ার্ডে ১২৫ থেকে ১৫০ কোটি টাকা এবং কোনো কোনো ওয়ার্ডে ২২৫ থেকে ২৫০ কোটি টাকার উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডেও ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে।
তিনি বলেন, নগরের অনেক অলিগলি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। এসব সড়ক সংস্কার ও উন্নয়নের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। শুধু প্রধান সড়ককেন্দ্রিক উন্নয়ন নয়, প্রতিটি ওয়ার্ডের প্রত্যন্ত এলাকায়ও উন্নয়নের সুফল পৌঁছে দিতে চায় সিটি করপোরেশন।
উন্নয়নকাজের স্থায়িত্ব ও গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে প্রশাসক বলেন, সড়ক নির্মাণ ও সংস্কারে উন্নতমানের নির্মাণসামগ্রী ব্যবহার করতে হবে। কাজের মান বজায় রাখতে সংশ্লিষ্টদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও নজরদারি ও সহযোগিতা প্রয়োজন। এলাকাবাসী সচেতন থাকলে উন্নয়নকাজের অনিয়ম ও নিম্নমানের কাজ প্রতিরোধ করা সহজ হবে।
নগরের পরিচ্ছন্নতা বজায় রাখতেও নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। যত্রতত্র ময়লা-আবর্জনা, প্লাস্টিক ও পলিথিন না ফেলার অনুরোধ জানিয়ে বলেন, পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগর গড়ে তোলা শুধু সিটি করপোরেশনের একার দায়িত্ব নয়। এ ক্ষেত্রে নগরবাসীকেও নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
ডা. শাহাদাত হোসেন আরও বলেন, চট্টগ্রামকে আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশন কাজ করছে। নগরের ৪১টি ওয়ার্ডের প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। নাগরিকদের প্রত্যাশা পূরণে এ উদ্যোগ অব্যাহত থাকবে।
সড়ক উন্নয়নকাজ উদ্বোধনকালে চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম ও শাফকাত আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।