প্রকাশ: Monday, 6 May, 2019, 11:56 AM সর্বশেষ আপডেট: Monday, 6 May, 2019, 12:32 PM
মোদি-মমতা
ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় অভিযোগ করেছে, ঘূর্ণিঝড় ফণীর পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগাযোগ করেননি, কথাটি সত্য নয়। বরং দু’বার মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগের জন্য ফোন করেন মোদি। তখন বলা হয়, নির্বাচনী প্রচারণায় রয়েছেন মমতা। কিন্তু, পরে মুখ্যমন্ত্রী আর ফোন ব্যাক করেননি।
ভারতের এনডিটি’র খবরে আরও বলা হয়, নির্বাচনী প্রচারণায় গিয়ে মমতা প্রবল ঘূর্ণিঝড় ফণী নিয়ে রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের অবহেলা, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অবজ্ঞার কড়া নিন্দা ও সমালোচনা করেন। ঘূর্ণিঝড় ফণী শুক্রবার সকালে উড়িষ্যাতে আঘাত হেনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এরপর সেটি বাংলাদেশ অভিমুখে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অতিক্রম করে।
এই ঝড়ের পূর্বাভাস পেয়ে মমতা তার নির্বাচনী প্রচারণা দু’দিনের জন্য বাতিল করেন। কলকাতার নিকটবর্তী নাগপুরে অবস্থান নিয়ে তিনি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকেন।
কিছু সংবাদমাধ্যমে খবর বের হয়, মুখ্যমন্ত্রী ফণী নিয়ে প্রধানমন্ত্রীর প্রতি নাখোশ। কারণ, ঝড়ের পর প্রধানমন্ত্রী শুধুমাত্র উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পথনায়কের সঙ্গে ফোন করে কথা বলেছেন। তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করেননি। শুধুমাত্র রাজ্যের গভর্নর কেশরি নাথ ত্রিপাঠীর সঙ্গে আলাপ করেছেন প্রধানমন্ত্রী।
যদিও নবীন পথনায়ক কংগ্রেস এবং ক্ষমতাসীন বিজেপির সঙ্গে সমান দূরত্ব বজায় রেখে চলেন। দেশটির চলমান সাধারণ নির্বাচনেও তিনি কোনো জোটে নিজেকে জড়াননি। এমন খবরের পরিপ্রেক্ষিতেই প্রধানমন্ত্রীর কার্যালয় রোববার বার্তা দিয়ে পাল্টা অভিযোগ করল, প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। কিন্তু, মুখ্যমন্ত্রী মমতাই ধরেননি।
বার্তায় দাবি করা হয়, প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা শনিবার দু’বার নরেন্দ্র মোদি ও পশ্চিমঙ্গের মুখ্যমন্ত্রীকে ফোনে সংযুক্ত করার চেষ্টা করেন। প্রথমবার বলা হয়- মুখ্যমন্ত্রী সফরে আছেন। পরে কল ব্যাক করা হবে।
দ্বিতীয়বার প্রচেষ্টা চালানো হলে, মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়- মমতা ব্যানার্জি নিজেই প্রধানমন্ত্রীকে কল করবেন। কিন্তু, পরে আর তিনি কল করেননি। গতকাল শনিবার কলকাতায় ঝড়ের কারণে বন্ধ রাখা বিমানের ফ্লাইট চালুর ঘোষণায় মমতা জানান, কিছু ঘরবাড়ির ক্ষতি ছাড়া ফণী পশ্চিমবঙ্গে তেমন কিছু করতে পারেনি।