|
জবির চারুকলা অনুষদে নতুন বিভাগ খুলতে চান উপাচার্য
জবি প্রতিনিধি
|
![]() জবির চারুকলা অনুষদে নতুন বিভাগ খুলতে চান উপাচার্য সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২১তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশেষ শিল্পকর্ম প্রদর্শনীর পুরস্কার বিতরণ ও নবীনবরণের আয়োজন করে চারুকলা অনুষদ। ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে উপাচার্য বলেন, দ্বিতীয় ক্যাম্পাসের মহাপরিকল্পনায় চারুকলা অনুষদকে বিশেষ গুরুত্ব দিয়ে গড়ে তোলা হবে। একই সঙ্গে বর্তমান ক্যাম্পাসেও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে। অনুষদের বিদ্যমান বিভাগগুলোকে স্বতন্ত্রভাবে গড়ে তোলার পাশাপাশি আগামীতে নতুন বিভাগ যুক্ত করার লক্ষ্য রয়েছে। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের ওপর জোর দিয়ে তিনি বলেন, চারুকলার শিক্ষার্থীরা কেবল সাধারণ শিক্ষার্থী নন, তারা প্রত্যেকেই একেকজন শিল্পী। তাদের সৃজনশীলতা বিকাশ ও যথাযথ পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা জরুরি। কারণ শিল্পকর্মের মাধ্যমেই একটি জাতির ইতিহাস, সংস্কৃতি ও ভাবনা সহজভাবে ফুটে ওঠে। তাই শিল্পচর্চার উপযুক্ত পরিবেশ তৈরি করা সবার দায়িত্ব। পুরান ঢাকার ঐতিহ্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্কের কথা উল্লেখ করে অধ্যাপক রইছ উদদীন বলেন, পুরান ঢাকার সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতিকে শিল্পকর্মের মাধ্যমে জাতীয় পর্যায়ে তুলে ধরতে চারুকলা অনুষদ বড় ভূমিকা রাখতে পারে। প্রশাসন বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একটি স্বতন্ত্র সাংস্কৃতিক বলয় তৈরির লক্ষ্যে কাজ করছে, যাতে দেশের মানুষ চারুকলা চর্চার ক্ষেত্রে জবিকে আলাদাভাবে মূল্যায়ন করে। জাতীয় ইতিহাস ও আন্দোলন-সংগ্রামের চেতনা শিল্পে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনের মতো ঐতিহাসিক অর্জনগুলো শিল্পীদের সৃষ্টিতে স্থান পেতে হবে। জাতীয় ইতিহাস ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে শিক্ষার্থীরা তাদের সৃজনশীল কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয় তথা দেশের সাংস্কৃতিক অগ্রযাত্রায় অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. বজলুর রশীদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহা. আলপ্তগীন এবং ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল হক। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাছির আহ্মাদসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
