|
মাধবপুরে ৩২ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহোৎসব সম্পন্ন
নতুন সময় প্রতিনিধি
|
|
মাধবপুরে ৩২ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহোৎসব সম্পন্ন বিশ্বের সকল প্রাণীর শান্তি ও মঙ্গল কামনায় হবিগঞ্জের মাধবপুরে ৩২ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ ও মহোৎসব সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুরে মহাপ্রভুর ভোগরাগ শেষে হাজারো ভক্তের মাঝে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে ৪ দিনব্যাপী এ ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘটে। উপজেলার আদাঐর ধামে অবস্থিত শ্রীশ্রী রাধাগোবিন্দ মোহন রায়-জিউর মন্দির প্রাঙ্গণে ৫৪তম বার্ষিক এ মহোৎসবের আয়োজন করা হয়। উৎসব পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। গীতা পাঠ করেন শ্রী গুরু চৈতন্য সংঘের প্রতিষ্ঠাতা প্রভুপাদ শ্রীশ্রী দেবব্রত গোস্বামী। ওই দিন সন্ধ্যায় সংঘের ভক্তবৃন্দের পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। পরে রাত ১২টা ১ মিনিটে শুভ অধিবাস ও মঙ্গল ঘট স্থাপনের মাধ্যমে মূল সংকীর্তনের সূচনা হয়। এতে পৌরোহিত্য করেন শ্রী সুব্রত গোস্বামী ও শ্রী নিখিল ব্রত গোস্বামী। উৎসবের শেষ দিন শনিবার দুপুর থেকেই মন্দির প্রাঙ্গণে দূর-দূরান্ত থেকে আসা হাজারো ভক্ত ও পুণ্যার্থীর ঢল নামে। ভক্তদের পদচারণায় পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। উৎসব পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ গৌতম রায় চৌধুরী বলেন, ‘বিশ্বের সকল প্রাণীর শান্তি ও কল্যাণ কামনায় প্রতি বছরের মতো এবারও আমাদের ৫৪তম বার্ষিক মহোৎসব অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। কমিটির সাধারণ সম্পাদক সুনীল চন্দ্র রায় (নুনু) বলেন, ‘প্রভুপাদ শ্রীশ্রী দেবব্রত গোস্বামীর আশীর্বাদ এবং সকল ভক্ত-শিষ্যের অক্লান্ত পরিশ্রমে ৩২ প্রহরব্যাপী এই মহাযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আয়োজনে যাঁরা শারীরিক, আর্থিক ও মানসিকভাবে সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
