শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার
নারায়ণগঞ্জে ৬ প্লাটুন বিজিবি ও ৪ প্লাটুন, আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ইমতিয়াজ আহমেদ, নারায়ণগঞ্জ
প্রকাশ: Sunday, 22 November, 2026, 4:51 PM
নারায়ণগঞ্জে ৬ প্লাটুন বিজিবি ও ৪ প্লাটুন, আনসার ব্যাটালিয়ন মোতায়েন
নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে জেলায় ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য এবং শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে।
সরকারের নির্দেশনায় দেশের শিল্পাঞ্চল, রেলস্টেশন, আদালত, নৌবন্দর, সরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সম্ভাব্য সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধের পাশাপাশি শিল্পকারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখাই এ উদ্যোগের লক্ষ্য।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েন করা বিজিবি, পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে।
পুলিশের তথ্যমতে, ১ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সরকারবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে থানা, পুলিশ বক্স, হাসপাতাল, পরিবহন, রাজনৈতিক নেতাদের বাসভবন, গ্রামীণ ব্যাংকের শাখাসহ সরকারি ও জনসেবামূলক প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।
পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) কামারুম মুনিরা গণমাধ্যমকে জানান, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। শিল্পাঞ্চল, রেলস্টেশন, আদালত ও নৌবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে বিজিবি সদরদপ্তরের মনিটরিং সেল থেকে মাঠপর্যায়ের কার্যক্রম প্রযুক্তির মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও আধুনিক প্রযুক্তির সাহায্যে প্রাপ্ত সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিয়মিত টহল, স্থির দায়িত্ব ও মোবাইল নজরদারির মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং শিল্পাঞ্চলে উৎপাদনের পরিবেশ বজায় রাখতেও তাঁরা দায়িত্ব পালন করছেন।
পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে চলতি বছরের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে আটটি উপকমিটি গঠন করা হয়। এসব কমিটির সুপারিশে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, কিশোর গ্যাং ও সংঘবদ্ধ অপরাধ দমন, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ, প্রযুক্তিনির্ভর পুলিশিং এবং পুলিশ-জনগণের সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষা, সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং জনজীবন ও শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার চেষ্টা চলছে।