|
অপেক্ষা ছিল মাত্র দুই মিনিটের, মূল্য দিতে হলো চার তাজা প্রাণ দিয়ে
নতুন সময় প্রতিনিধি
|
![]() অপেক্ষা ছিল মাত্র দুই মিনিটের, মূল্য দিতে হলো চার তাজা প্রাণ দিয়ে দুর্ঘটনায় মারা গেছেন বাড়ির বড় ছেলে, তার মেয়ে, বাড়ির মেজ মেয়ে এবং তার সন্তান। বেঁচে রইলেন বাড়ির বড় বউ ও অপর নাতি। রামুর দক্ষিণ মিঠাছড়ি রেলক্রসিংয়ে ঘটা এ দুর্ঘটনা সবাইকে শোকাহত করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের শুক্রবার (২০ নভেম্বর) রাতেই দাফন করা হয়। কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ির কাইম্যারঘোনা বড় কবরস্থান মাঠে রাত সোয়া ১১টার দিকে জানাজা শেষে চারজনকে পাশাপাশি সমাহিত করা হয়। এসময় স্বজনদের কান্নায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। নিহতের চাচাতো ভাই মুহাম্মদ ফারুক বলেন, মাত্র পাঁচ মাস আগে ছোট ভাই সাজ্জাদ হোসেন রুবেল (২৮) ও তানিয়া সুলতানার (২০) কোলজুড়ে এসেছিল মাশরুফা হোসাইন ইলহাম। তাকে পেয়ে পরিবারের আনন্দের সীমা ছিল না। কিন্তু পৃথিবী বোঝার আগেই বাবার সঙ্গে পরপারে পাড়ি দিলো ইলহাম। ট্রেনটি ক্রসিং পার হতে মাত্র দু’মিনিট সময় অপেক্ষা করলেই এতগুলো জীবন বেঁচে যেত। সিএনজি চালক জয়নাল এলাকার সবার কাছে পরিচিত, অভিজ্ঞ এবং পারিবারিক চালক বলা চলে। কেন তিনি অসাবধান হলেন সেটা সবাইকে ভাবাচ্ছে। ফারুক বলেন, ছোট বোন কাশিফা জান্নাত রায়হান (২০) সবসময় হাসিমুখে কথা বলতেন। তাকে সবাই আদর করে হাসুরি বলে ডাকতো। ছেলে সাহিলসহ সেও একসঙ্গে পৃথিবী ছাড়ল। অপর সন্তান আয়াত মনি চমেক হাসপাতালে। এ যন্ত্রণায় কাশিফার স্বামী বার বার কান্নায় ভেঙে পড়ছেন। দুর্ঘটনায় নিহত রুবেলের স্ত্রী তানিয়া সুলতানাও গুরুতর আহত। তাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নিলে আইসিইউতে রাখা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রেফার করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। এখনো তার জ্ঞান ফেরেনি বলে জানিয়েছেন চিকিৎসকরা। তানিয়া জানতেই পারলেন না, তার স্বামী ও মেয়ে কবরের বাসিন্দা হয়েছে। জানা যায়, শুক্রবার জোহরের নামাজের পর রুবেল সপরিবারে ছোট বোন রিয়া মনির শ্বশুরবাড়ি ইউনিয়নের উমখালীতে বেড়াতে যাচ্ছিলেন। তিন শিশুসহ সিএনজি অটোরিকশায় রওনা হয়েছিলেন তারা। পরে রামুর দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিংয়ে তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশা ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার পর রেললাইনের পাশে পড়ে ছিল শিশুদের জুতা, জামাকাপড়, উপহারসামগ্রী ও একটি লাগেজ। সেদিন কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে নিহত রুবেলে মা মনোয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার নাতি সাহিল, ছেলেকে আল্লাহ নিয়ে গেছে। তাদের কী দোষ ছিল? বাড়ির ছোট মানুষগুলো নিয়ে গিয়ে আমাদের বুকটা কেন খালি করে দিল। ইলহামের বড় খালা রিমা আক্তার বলেন, ইলহাম আমাদের পরিবারে খুব আদরের ছিল। তার মায়াভরা হাসি আর কখনো দেখতে পারব না। মেয়ে তানিয়ার স্বামী ও সন্তানের মৃত্যুতে ভেঙে পড়ে মা আজিজ খানম মুন্নী বিলাপ করে বলছিলেন, আমার সব শেষ হয়ে গেল। আমার বুক খালি হয়ে গেল। চিকিৎসকদের মতে, আহত তানিয়ার মাথার এক পাশে গভীর ক্ষত রয়েছে, যা মস্তিষ্ক পর্যন্ত পৌঁছেছে। সিটি স্ক্যানে মস্তিষ্কের সামনের অংশে আঘাত ও রক্তক্ষরণের বিষয়টি ধরা পড়েছে। নিউরোসার্জারি বিশেষজ্ঞরা তাকে দেখভাল করছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন জানান, দুর্ঘটনার প্রায় ১০ মিনিটেই তারা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে ছিটকে পড়া একটি শিশুকে দেখতে পেয়ে শিশুটিকে মোটরসাইকেলের মাধ্যমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় দুই শিশুকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশনমাস্টার জয়নাল আবেদিন বলেন, শুক্রবার ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি বিকেল সাড়ে ৩টার দিকে রামুর দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিংটি অতিক্রম করছিল। এসময় রেল লাইনে উঠে যাওয়া সিএনজি অটোরিকশারটি ধাক্কায় দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রীরা হতাহত হন। রেলের হর্ন বাজার পরও চালকের অসাবধানতায় এ দুর্ঘটনাটি সবাইকে শোকাহত করেছে। প্রসঙ্গত, এর আগেও রামুর মাছুয়াখালী, রশিদ নগরসহ বেশ কয়েকটি ক্রসিংয়ে বাইক, সিএনজি দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে। সেসব ক্রসিংয়েও গেইটম্যান বা নিরাপত্তামূলক ব্যবস্থা ছিল না। কক্সবাজারের জেলা প্রশাসক এম এ মান্নান বলেন, রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এরকম রেলক্রসিংয়ে গেটম্যান নিয়োগ ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিতের উদ্যোগ নেওয়া হবে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
