ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
কোমরে মোড়ানো ছিল ১৫টি ‘ডিম’, খুলতেই মিলল ১১ কোটি ৬৭ লাখ টাকার সোনা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 22 November, 2026, 4:58 PM

কোমরে মোড়ানো ছিল ১৫টি ‘ডিম’, খুলতেই মিলল ১১ কোটি ৬৭ লাখ টাকার সোনা

কোমরে মোড়ানো ছিল ১৫টি ‘ডিম’, খুলতেই মিলল ১১ কোটি ৬৭ লাখ টাকার সোনা

কোমরে কমলা রঙের কাপড় দিয়ে মোড়ানো ছিল ডিমের আকৃতির ১৫টি বস্তু। প্রথম দেখায় সাধারণ বস্তু মনে হলেও পরীক্ষা করে জানা যায়, সব কটিই সোনার পেস্ট। ওজন সাড়ে সাত কেজি। বাজারমূল্য প্রায় ১১ কোটি ৬৭ লাখ টাকা।

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এসব সোনা উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির বহির্গমন ফটক এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জ সদরের ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), নোয়াখালীর সুধারামের জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) এবং কুমিল্লার বরুড়ার শাওন (৩৯)।

এয়ারপোর্ট এপিবিএন জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁদের আটক করে এপিবিএন কার্যালয়ে নেওয়া হয়।

সেখানে ইয়াছিন আরাফাত সৌরভের দেহ তল্লাশি করে তাঁর কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো অবস্থায় ডিম্বাকৃতির ১৫টি বস্তু পাওয়া যায়। পরে স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যায়, বস্তুগুলো সোনার পেস্ট।

এপিবিএনের তথ্য অনুযায়ী, উদ্ধার করা সোনার পেস্টের বিশুদ্ধতা ২৪ ক্যারেট। মোট ওজন ৭ কেজি ৫০০ গ্রাম বা প্রায় ৬৪৩ ভরি। এর আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা।

সৌদি আরব থেকে সোনা এনে চোরাচালান

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে এপিবিএন জানিয়েছে, ইয়াছিন আরাফাত সৌরভ নিয়মিত সৌদি আরবে যাতায়াত করতেন। সেখান থেকে বিশেষ কৌশলে সোনা বাংলাদেশে আনতেন তিনি। পরে জাকিরুল ইসলাম জুয়েল, শাওন ও দেশে অবস্থানরত আরও কয়েকজনের সহযোগিতায় এসব সোনা চোরাচালান করতেন।

এপিবিএন বলছে, আটক তিনজন দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক সোনা চোরাচালানের সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। তাঁরা একটি সংঘবদ্ধ চোরাচালান চক্রের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।

এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি) মো. বশির আহমেদ বলেন, কয়েক দিন ধরে তাঁদের কাছে গোয়েন্দা তথ্য ছিল, একটি চক্র পেস্ট আকারে সোনা চোরাচালানের চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে নজরদারি বাড়ানো হয়।

বশির আহমেদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে ৭ কেজি ৫০০ গ্রাম সোনা, যা প্রায় ৬৪৩ ভরি, উদ্ধার করতে সক্ষম হয়।’ এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম চলছে বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা।

এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এপিবিএন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status