|
রামিসা হত্যা: যে কারণে সোহেলের মৃত্যুদণ্ড বহাল, আর স্বপ্না খালাস
স্বীকারোক্তি ও সাক্ষ্য-প্রমাণে সোহেলের সম্পৃক্ততা প্রমাণিত, স্বপ্নার বিরুদ্ধে সহায়তার প্রমাণ পায়নি হাইকোর্ট
নতুন সময় প্রতিবেদক
|
![]() রামিসা হত্যা: যে কারণে সোহেলের মৃত্যুদণ্ড বহাল, আর স্বপ্না খালাস মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে এ রায় ঘোষণা করেন। যে কারণে বহাল সোহেলের মৃত্যুদণ্ড রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, সোহেল রানা তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তবে সেখানে স্ত্রী স্বপ্না খাতুনের অপরাধে সরাসরি অংশগ্রহণ বা সহযোগিতার কথা বলেননি। শুধু উল্লেখ করেছেন, স্ত্রী তাকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। হাইকোর্ট বলেন, সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, আট নম্বর সাক্ষীর সাক্ষ্য, ময়নাতদন্ত প্রতিবেদন এবং চিকিৎসকসহ অন্যান্য সাক্ষীর বক্তব্য পরস্পরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এসব সাক্ষ্য-প্রমাণে নিশ্চিত হওয়া গেছে, সোহেল রানা নিজেই শিশুটিকে ধর্ষণ ও হত্যা করেছেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, অপরাধটি ছিল অত্যন্ত নৃশংস, ভয়াবহ ও অস্বাভাবিক। ভুক্তভোগী ছিল আট বছরের অসহায় শিশু। এমন অপরাধের ক্ষেত্রে আসামির মৃত্যুদণ্ড কমানোর কোনো যুক্তিসংগত কারণ আদালত খুঁজে পাননি। তাই তার মৃত্যুদণ্ড বহাল রাখাই যথাযথ বলে মনে করেন আদালত। যে কারণে খালাস পেলেন স্বপ্না স্বপ্না খাতুনকে খালাস দেওয়ার বিষয়ে হাইকোর্ট বলেন, সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তার স্ত্রী অপরাধ সংঘটনে কোনোভাবে সহায়তা করেছেন, এমন বক্তব্য নেই। অন্য সাক্ষীদের সাক্ষ্যেও স্বপ্নার কার্যকর কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় ধর্ষণ বা ধর্ষণ-পরবর্তী কার্যকলাপের ফলে নারী বা শিশুর মৃত্যু হলে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। আর ৩০ ধারায় অপরাধ সংঘটনে প্ররোচনা বা সহায়তার জন্য মূল অপরাধের সমান শাস্তির বিধান রয়েছে। আদালত বলেন, ঘটনার সময় রাত ১১টার দিকে স্বপ্নাকে কক্ষের ভেতরে পাওয়া গেলেও শুধু সেখানে উপস্থিত থাকার কারণে তাকে অপরাধে সহযোগিতাকারী হিসেবে দোষী সাব্যস্ত করা যায় না। স্বামীকে নিষ্ক্রিয়তার মাধ্যমে সহযোগিতার অভিযোগও গ্রহণযোগ্য নয়। এ ছাড়া ট্রাইব্যুনাল স্বপ্নাকে দণ্ডবিধির ২০১ ধারায় দোষী সাব্যস্ত করেছিল। তবে হাইকোর্ট মনে করেন, অপরাধের প্রমাণ নষ্ট করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য দেওয়ার কোনো অভিযোগ বা প্রমাণ তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ উপস্থাপন করতে পারেনি। সোহেলের স্বীকারোক্তিতেও এমন কোনো তথ্য নেই। এসব বিবেচনায় স্বপ্না খাতুনকে সব অভিযোগ থেকে খালাস দিয়ে আদালত বলেন, অন্য কোনো মামলায় আটক রাখার প্রয়োজন না থাকলে তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এক দিনে ১৬ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ নিয়ে প্রশ্ন রায়ের শেষাংশে মামলার বিচারপ্রক্রিয়া নিয়েও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেন, শিশু ধর্ষণ ও হত্যার মতো নৃশংস অপরাধের বিচার দ্রুত শেষ করা প্রয়োজন। তবে দ্রুত বিচার করতে গিয়ে ন্যায়বিচার যেন ব্যাহত না হয়, সেদিকেও নজর রাখতে হবে। এ মামলায় এক দিনে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণকে অস্বাভাবিক উল্লেখ করে আদালত বলেন, দ্রুত বিচার শেষ করার প্রচেষ্টা প্রশংসনীয় হলেও তা সমীচীন পদ্ধতিতে হওয়া জরুরি। তাড়াহুড়ো করে বিচার শেষ করলে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ উভয়ই ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে থাকতে পারে। এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির বলেন, আসামিকে সহজে শনাক্ত ও গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং শক্তিশালী আলামত থাকায় তদন্ত ও বিচারপ্রক্রিয়া দ্রুত শেষ করা সম্ভব হয়েছে। এক দিনে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ অস্বাভাবিক হলেও এতে কোনো পক্ষের ওপর বিরূপ প্রভাব পড়েনি বলে মনে করেন তিনি। মামলাটি দ্রুত নিষ্পত্তির বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানেরও নির্দেশনা ছিল বলে জানান এই আইন কর্মকর্তা। হাইকোর্টের এ রায়ের মধ্য দিয়ে একদিকে শিশু রামিসা হত্যায় সরাসরি জড়িত সোহেল রানার সর্বোচ্চ শাস্তি বহাল থাকল, অন্যদিকে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণের অভাবে একই মামলায় দণ্ডিত তার স্ত্রী স্বপ্না খাতুন মুক্তি পেলেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
