|
আজও শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ৩৯ কারখানা বন্ধ
নতুন সময় প্রতিনিধি
|
![]() আজও শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ৩৯ কারখানা বন্ধ শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুর মহানগরীর ১০টি তৈরি পোশাক কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া গতকালের তথ্য অনুযায়ী, ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার সকালে মহানগরীর ছয়দানা এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা ও হাড়িকেন এলাকায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। খবর পেয়ে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। অন্যদিকে, শ্রীপুরের নতুন বাজার এলাকার এস এম নিটওয়্যার, বাঘের বাজারের গোল্ডেন রিফিট গার্মেন্টস এবং ভবানীপুরের ফকিরা গার্মেন্টসের শ্রমিকেরা কাজ বন্ধ রেখে উৎপাদন ফ্লোরে শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন। মহানগরীর কোনাবাড়ী এলাকার দুটি পোশাক কারখানার শ্রমিকেরাও বিক্ষোভ করেছেন। তবে তারা মহাসড়কে অবস্থান নেননি বলে জানা গেছে। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের এসপি আমজাদ হোসাইন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। শ্রমিক আন্দোলনের কারণে বুধবার সকালে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। আর গতকালের তথ্য অনুযায়ী, ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলন করছেন। গতকাল মঙ্গলবার মহানগরীর কোনাবাড়ী, কাশিমপুর, চান্দনা চৌরাস্তা, জরুন, নাওজোড়, ছয়দানা, ভোগড়া এবং শ্রীপুরের ২ নম্বর সিএন্ডবি ও আপাডা এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকেরা। এ সময় পরিস্থিতি সহিংস হয়ে উঠলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের ঘটনা ঘটে। এসব ঘটনায় পুলিশ, পোশাকশ্রমিক ও সাংবাদিকসহ অনেকে আহত হন। বিশৃঙ্খলা এড়াতে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর থেকে জেলার ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
