ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬ ● ৩ অগ্রহায়ণ ১৪৩৩
ছাত্রলীগের মিছিলে বিএনপি নেতার ছেলে, পদ গেল বাবার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 18 November, 2026, 10:29 AM

ছাত্রলীগের মিছিলে বিএনপি নেতার ছেলে, পদ গেল বাবার

ছাত্রলীগের মিছিলে বিএনপি নেতার ছেলে, পদ গেল বাবার

রাউজানে ছাত্রলীগের ঝটিকা মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেন কদলপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সেলিম উদ্দিন চৌধুরীর ছেলে সজীব উদ্দিন চৌধুরী। চট্টগ্রামের রাউজানে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে টায়ার জ্বালিয়ে, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং ফাঁকা গুলি ছুড়ে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এর মাত্র ১৮ ঘণ্টা আগে একই এলাকায় একটি ঝটিকা মিছিল করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ।

পুলিশের ভাষ্যমতে, ওই মিছিলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কদলপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সেলিম উদ্দিন চৌধুরীর ছেলে ছাত্রলীগ নেতা সজীব উদ্দিন চৌধুরী। এ ঘটনা জানাজানি হওয়ার পর ওই বিএনপি নেতাকে দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ছত্তারঘাট এলাকায় মহাসড়কে এ নাশকতার চেষ্টা চালানো হয়। চার থেকে পাঁচটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন যুবক সড়কের ওপর টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি ফাঁকা গুলি ছোড়ে বলে স্থানীয় সূত্রে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে রাউজান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে হাটহাজারীর দিকে পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জ্বলন্ত টায়ারের আগুন নিভিয়ে সড়ক থেকে প্রতিবন্ধকতা সরিয়ে নেয়। পরে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরাও সেখানে উপস্থিত হন এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনাস্থল থেকে তিনটি তাজা ককটেল এবং একটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র আরও জানায়, মধ্যরাতের এই ঘটনার প্রায় ১৮ ঘণ্টা আগে সোমবার ভোর ৫টার দিকে একই এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৮ থেকে ১০ জন কর্মী ব্যানার নিয়ে কয়েক সেকেন্ডের একটি ঝটিকা মিছিল করে পালিয়ে যায়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ভোরের ওই স্বল্পস্থায়ী মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেছে; তিনি কদলপুর ইউনিয়ন বিএনপি নেতা মো. সেলিম উদ্দিন চৌধুরীর ছেলে ছাত্রলীগ নেতা সজীব উদ্দিন চৌধুরী এবং মিছিলে অংশ নেওয়া অন্যরা বহিরাগত। এ ছাড়া রাতের ঘটনায় তিনটি তাজা ককটেল ও বিস্ফোরিত ককটেলের অংশ উদ্ধার করা হয়েছে উল্লেখ করে ওসি জানান, ঘটনাস্থলে গুলি ছোড়া হয়ে থাকতে পারে, তবে বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে রাউজান উপজেলা যুবদলের সভাপতি শাহজাহান সাহিল জানান, সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে নাশকতা প্রতিহত ও এলাকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা পাহারায় ছিলেন। রাত সোয়া ১২টার দিকে এক অটোরিকশাচালকের মাধ্যমে সড়কে টায়ার জ্বালানোর খবর পেয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা দেন। তবে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছুড়ে হাটহাজারীর দিকে পালিয়ে যাওয়ায় তাদের ধরা সম্ভব হয়নি।

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন অভিযোগ করেন, রাউজানের প্রবেশমুখ ছত্তার ব্রিজ এলাকায় গুটিকয়েক সন্ত্রাসী জনশূন্য সড়কে টায়ার জ্বালিয়ে ও ককটেল ফাটিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির অপতৎপরতা চালাচ্ছে, যা প্রতিরোধে তাঁরা মাঠে রয়েছেন।

এদিকে ছেলের ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দেওয়ার বিষয়টি সামনে আসার পর বিএনপি নেতা সেলিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কদলপুর ইউনিয়ন বিএনপি। ইউনিয়ন বিএনপির একাংশের আহ্বায়ক নজরুল ইসলাম জানান, সেলিম উদ্দিন চৌধুরী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সমন্বয়ক ছিলেন; এর আগে তিনি যুবদলের দায়িত্বেও ছিলেন। রাউজানকে অস্থিতিশীল করার অপচেষ্টায় তাঁর ছেলের ভূমিকার কারণে তাঁকে আগেও কয়েকবার সতর্ক করে ছেলেকে এসব কর্মকাণ্ড থেকে বিরত রাখতে বলা হয়েছিল। কিন্তু তিনি তা করতে ব্যর্থ হওয়ায় সোমবারের ঘটনার পর তাঁকে কার্যত সব দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং পরবর্তী দলীয় সভায় তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status