|
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
রূপপুরের বিদ্যুৎ গ্রিডে যুক্ত হচ্ছে আজ
নতুন সময় প্রতিনিধি
|
![]() রূপপুরের বিদ্যুৎ গ্রিডে যুক্ত হচ্ছে আজ প্রকল্প-সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, পরীক্ষামূলক সংযোগের পর কেন্দ্রটি গ্রিড থেকে বিচ্ছিন্ন করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সবকিছু ঠিক থাকলে ২১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরুর পরিকল্পনা রয়েছে। তবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে সময়সূচির পরিবর্তন হতে পারে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়রা) চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর আগে তাদের অনুমোদন নিতে হবে। সব ধরনের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই এ অনুমোদন দেওয়া হবে। পরমাণু শক্তি কমিশনের দুই কর্মকর্তা জানান, রিঅ্যাক্টর, টারবাইনসহ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির সক্ষমতা যাচাই ও প্রয়োজনীয় পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষামূলক সংযোগের মাধ্যমে গ্রিডের সঙ্গে বিদ্যুৎকেন্দ্রের সমন্বয় ও কারিগরি বিষয়গুলো যাচাই করা হবে। তাদের পরিকল্পনা অনুযায়ী, ২১ নভেম্বর চূড়ান্তভাবে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান রেজাউল করিম রোববার বলেন, ‘বিদ্যুতের জাতীয় গ্রিড প্রস্তুত। রূপপুরের বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার সময় আমাদের একজন প্রতিনিধির উপস্থিত থাকার কথা বলা হয়েছে। সেই প্রস্তুতি নিয়ে রেখেছি।’ বিদ্যুৎ সঞ্চালনের দায়িত্বে থাকা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুল মোনায়েম চৌধুরী বলেন, ‘রোববার রাত ১১টার দিকে আমাকে জানানো হয়, রাত ১২টার পর যে কোনো সময় রূপপুরের বিদ্যুৎ গ্রিডে যুক্ত হতে পারে। আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। আমরা চাই দ্রুত এখান থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হোক।’মানচিত্র দেখুন ধাপে ধাপে বাড়বে উৎপাদন পারমাণবিক জ্বালানি থেকে উৎপন্ন তাপ দিয়ে পানি গরম করে বাষ্প তৈরি করা হবে। সেই বাষ্পের চাপে ঘুরবে টারবাইন, উৎপাদিত হবে বিদ্যুৎ। শুরুতে প্রথম ইউনিটটি মাত্র ৩ শতাংশ ক্ষমতায় চালানো হবে। পরে ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে ৩০ শতাংশে উন্নীত করা হবে। এ পর্যায়ে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। এরপর কয়েক দিন ধরে বিভিন্ন পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা চলবে। ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে পূর্ণ সক্ষমতায় যেতে সাত থেকে আট মাস সময় লাগতে পারে। পরীক্ষামূলক সরবরাহ সফলভাবে শেষ হওয়ার পর শুরু হবে বাণিজ্যিক উৎপাদন। গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু উপলক্ষে আনুষ্ঠানিক আয়োজনের পরিকল্পনাও রয়েছে সরকারের। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে। দুই ইউনিটে মিলবে ২ হাজার ৬০ মেগাওয়াট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকে অন্তত ১ হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রের নিজস্ব ব্যবহারের জন্য সর্বোচ্চ ১২০ মেগাওয়াট বাদ দিয়ে জাতীয় গ্রিডে অন্তত ১ হাজার ৩০ মেগাওয়াট সরবরাহ করার কথা। চুক্তির শর্ত অনুযায়ী, নির্ধারিত পরিমাণের চেয়ে কম বিদ্যুৎ সরবরাহ হলে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা দিতে হবে। দুটি ইউনিট চালু হলে জাতীয় গ্রিডে অন্তত ২ হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। দ্বিতীয় ইউনিটের নির্মাণকাজও চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর এ ইউনিটে পারমাণবিক জ্বালানি লোড করার পরিকল্পনা রয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
