ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
আন্দোলনের মুখে বন্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়
বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 17 November, 2026, 10:35 AM

আন্দোলনের মুখে বন্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়

আন্দোলনের মুখে বন্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়

আপিল বিভাগের রায়ে পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে তিন দিনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে বসা জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। এর আগে সকাল ১০টা থেকে রাত প্রায় ৯টা পর্যন্ত উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহকে তার দপ্তরে অবরুদ্ধ রাখেন আন্দোলনকারীরা। 

পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী তাদের জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতার দাবিতে গতকাল সকাল ১০টার দিকে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নামেন। তারা উপাচার্যের দপ্তর ঘেরাও করে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এতে উপাচার্য অবরুদ্ধ হয়ে পড়েন।  

রাত প্রায় ৯টা পর্যন্ত উপাচার্য তাঁর দপ্তরে প্রায় ১১ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন। এর মধ্যেই আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। পরে মুক্ত হয়ে রাত ১০টায় সিন্ডিকেটের জরুরি বৈঠক ডাকেন তিনি। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ থেকে ১৯ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

সকাল থেকেই কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ায় গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে। এদিন আওয়ামী লীগপন্থি হিসেবে পরিচিত কর্মকর্তা-কর্মচারীরাও পাল্টা কর্মসূচি দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে ক্যাম্পাস লকডাউন ঘোষণা করেন আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা। এতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়। 

আপিল বিভাগের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন অপ্রয়োজনীয় খাতে কোটি কোটি টাকা ব্যয় করছে, যার অধিকাংশই প্রয়োজনীয় নয়। সংস্কারের নামে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ও টেকসই ভবনের কাঠামো পরিবর্তন করে ঐতিহ্য ধ্বংস করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। তাদের ভাষ্য, বিভিন্ন প্রকল্প ও খাতে বিপুল অর্থ ব্যয় করা হলেও দীর্ঘদিনের বঞ্চনার শিকার ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর পাওনা পরিশোধে কার্যকর কোনো উদ্যোগ নেই। 

অধিকার-বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের দাবি আদায়ে গঠিত কমিটির আহ্বায়ক মো. নাজিম উদ্দীন শিশিমের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের তথ্য ও সেবা সরবরাহ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. মিয়া হোসেন রানা। মো. আকরাম হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আফজাল হোসেন, অতিরিক্ত কলেজ পরিদর্শক মো. অহিদুজ্জামান নান্নু, ডেপুটি রেজিস্ট্রার হেলাল উদ্দিন, তৌফিক আজিজ চৌধুরী জিয়া, মো. খুরশিদ আলম ও মো. আমির হোসেন, সহকারী পরিচালক মো. সাহাবুদ্দিন প্রমুখ।

গাছা থানার ওসি গোলাম রব্বা‌নি গতকাল রাতে জানান, আন্দোলন এখনও শেষ হয়নি। এ বিষ‌য়ে বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের উপাচার্যের দপ্তরে বৈঠক চল‌ছে।

বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা জানান, ২০০৩ ও ২০০৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা-কর্মচারীকে ২০১২ সালে চাকরিচ্যুত করা হয়। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ বিশ্ববিদ্যালয়ের করা আপিল মঞ্জুর করে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহালের নির্দেশ দেন। তবে ওই রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ার অভিযোগে গত রোববার থেকে আন্দোলনে নেমেছেন তারা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status