|
ওয়ালটনের সমন্বিত সৌরবিদ্যুৎ ব্যবস্থা উন্মোচন করলেন অর্থমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
|
![]() ওয়ালটনের সমন্বিত সৌরবিদ্যুৎ ব্যবস্থা উন্মোচন করলেন অর্থমন্ত্রী শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটনের করপোরেট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ ব্যবস্থার উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে জানানো হয়, ওয়ালটন নিজস্ব কারখানায় ছাদ ও ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে বর্তমানে ৩২ মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ উৎপাদন করছে। উৎপাদিত বিদ্যুতের বড় অংশ কারখানার কাজে ব্যবহার করা হয়। পাশাপাশি নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডে বছরে গড়ে প্রায় ১ হাজার ১৫০ মেগাওয়াট-ঘণ্টা সৌরবিদ্যুৎ সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। উদ্বোধন শেষে সৌরবিদ্যুৎ উৎপাদন প্যানেল, বিদ্যুৎ সঞ্চয়কারী ব্যাটারি, ইনভার্টার, সৌরবিদ্যুৎচালিত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, ফ্রিজ, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, বৈদ্যুতিক চুলা, ওভেন, পাখা ও আলোকসজ্জার বিভিন্ন পণ্য পরিদর্শন করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, সৌরবিদ্যুৎ পরিবেশবান্ধব। এ প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে দেশে কম খরচে বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব হবে। এতে জ্বালানি আমদানি কমবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। শুধু আলো জ্বালানো নয়, ফ্রিজ, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, ওয়াশিং মেশিন ও ওভেনসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য সৌরশক্তিতে চালানোর সুযোগ তৈরি হয়েছে। তিনি দেশের মানুষকে সৌরশক্তি ব্যবহারে এগিয়ে আসার আহ্বান জানান। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম শামছুল আলম বলেন, এ উদ্যোগ গ্রাহকের বিদ্যুৎ বিল কমানো, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং পরিবেশদূষণ হ্রাসে ভূমিকা রাখবে। একই সঙ্গে সবুজ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে সহায়ক হবে। প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদন, সংরক্ষণ ও গৃহস্থালি পণ্য উৎপাদনের সমন্বিত এ ব্যবস্থা ব্যবসায় নতুন সম্ভাবনা তৈরি করবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক ভিত্তি শক্তিশালী করা এবং বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টির লক্ষ্য রয়েছে। ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, শুধু দেশে পণ্য উৎপাদন নয়, দেশেই প্রযুক্তির উদ্ভাবন ও উন্নয়নের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরতে চায় ওয়ালটন। অনুষ্ঠানে জানানো হয়, পর্যাপ্ত সূর্যালোক থাকলে সৌরবিদ্যুতে সরাসরি চলতে পারবে বিশেষ প্রযুক্তির ফ্রিজ, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ও টেলিভিশন। সৌরবিদ্যুতের ঘাটতি হলে স্বয়ংক্রিয়ভাবে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ নিয়ে এগুলো চালু থাকবে। এ ছাড়া দিনের বেলায় উৎপাদিত সৌরবিদ্যুৎ ব্যাটারিতে সংরক্ষণ করে পরবর্তী সময়ে ওয়াশিং মেশিন, বৈদ্যুতিক চুলা, ওভেন ও পাখাসহ বিভিন্ন পণ্য চালানো যাবে। এ ব্যবস্থায় সৌরবিদ্যুতের নিরাপদ সঞ্চালনের জন্য বিশেষ তার এবং সৌরবিদ্যুৎ ও প্রচলিত বিদ্যুৎ—উভয় উৎস থেকে ব্যাটারি চার্জের সুবিধাও রাখা হয়েছে। পাশাপাশি বৈদ্যুতিক বাইকের ব্যাটারিকে জরুরি বিদ্যুৎ সরবরাহ ও শক্তি সংরক্ষণের কাজে ব্যবহারের প্রযুক্তিও যুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম এবং পরিচালক এস এম রেজাউল আলম, এস এম মঞ্জুরুল আলম অভি ও তাহমিনা আফরোজ তান্নাসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
