|
লাভেলোর শেয়ার লেনদেনে কারসাজি, জরিমানা ১০ লাখ টাকা
নতুন সময় প্রতিবেদক
|
![]() লাভেলোর শেয়ার লেনদেনে কারসাজি, জরিমানা ১০ লাখ টাকা সম্প্রতি এ-সংক্রান্ত আদেশ জারি করেছে বিএসইসি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে উঠে এসেছে, ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দুই মাসে লাভেলোর শেয়ারে জাহেদুল হক ছিলেন শীর্ষ ক্রেতা। এ সময়ে ছয়টি ব্রোকারেজ হাউসের অধীনে ছয়টি সুবিধাভোগী মালিকের হিসাব ব্যবহার করে তিনি প্রায় ৯৯ কোটি টাকার শেয়ার লেনদেন করেন। একাধিক দিন কোম্পানিটির মোট লেনদেনের অর্ধেকের বেশি শেয়ার একাই কিনেছেন তিনি। বিএসইসির আদেশে বলা হয়েছে, জাহেদুল হক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ১৭(ই)(ভি) ও ১৭(ই)(৩) ধারা লঙ্ঘন করেছেন। কমিশনের মতে, কৃত্রিমভাবে সক্রিয় লেনদেনের চিত্র তৈরি করে শেয়ারের দাম প্রভাবিত করার চেষ্টা করেছেন তিনি। পাশাপাশি প্রকৃত মালিকানা পরিবর্তন না করেই নিজের একাধিক হিসাবের মধ্যে শেয়ার লেনদেন করেছেন। ডিএসইর তদন্তে দেখা যায়, ২১ অক্টোবর ২০২৫ লাভেলোর মোট লেনদেনের ৩৮ দশমিক ৮১ শতাংশে তাঁর অংশগ্রহণ ছিল। ওই দিন বাজারে ১০ লাখ ৩৬ হাজার ৪৬৮টি শেয়ার লেনদেনের বিপরীতে তিনি কিনেছিলেন ৩ লাখ ২০ হাজার ২০৮টি। ৫ নভেম্বর মোট ৭ লাখ ৪০ হাজার ৫২১টি শেয়ারের মধ্যে তাঁর কেনা ছিল ৩ লাখ ৮৪ হাজার ৫২৯টি, যা মোট লেনদেনের ৫১ দশমিক ৯৩ শতাংশ। ২৪ নভেম্বর ১৩ লাখ ১৯ হাজার ৯৯০টি শেয়ারের মধ্যে তিনি কিনেছিলেন ৭ লাখ ১০ হাজার ৬৩৬টি, যা ৫৩ দশমিক ৮৪ শতাংশ। তদন্তে আরও দেখা গেছে, নির্দিষ্ট সময়ে ধারাবাহিক কেনাকাটার মাধ্যমে ২১ অক্টোবর লাভেলোর শেয়ারের দাম ৯৩ টাকা থেকে বেড়ে ৯৪ টাকা ৯০ পয়সা হয়। ৫ নভেম্বর দাম ৯৩ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে ৯৬ টাকা ৬০ পয়সায় ওঠে। ২০ ও ২৪ নভেম্বরও একই ধরনের লেনদেনের চিত্র পাওয়া যায়। জাহেদুল হক মোট ৫৯ লাখ ৪৭ হাজার ২৭৬টি শেয়ার কিনেছেন ৪৮ কোটি ৭৭ লাখ ৯৬ হাজার টাকায়। বিপরীতে ৬১ লাখ ১৩ হাজার ৮৩২টি শেয়ার বিক্রি করেছেন ৪৯ কোটি ৭১ লাখ ৪৮ হাজার টাকায়। দুই দিক মিলিয়ে লেনদেন হয়েছে প্রায় ৯৮ কোটি ৪৯ লাখ টাকা। তদন্তকালীন সময়ে লাভেলোর শেয়ারের দাম ৯৭ টাকা ৭০ পয়সা থেকে কমে ৮০ টাকা ৪০ পয়সায় নেমেছিল। শুনানিতে জাহেদুল হক ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে আইন মেনে চলার অঙ্গীকার করেন। লোকসানের দাবি তুলে অনুকম্পাও চান তিনি। তবে কমিশন অভিযোগের সত্যতা বিবেচনায় ১০ লাখ টাকা জরিমানা করে। ৩০ দিনের মধ্যে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে জরিমানার অর্থ জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
