ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
৭৭ কোটি টাকার অগ্রিমের তথ্য-প্রমাণ দিতে পারেনি আমরা নেটওয়ার্কস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 25 November, 2026, 7:16 PM

৭৭ কোটি টাকার অগ্রিমের তথ্য-প্রমাণ দিতে পারেনি আমরা নেটওয়ার্কস

৭৭ কোটি টাকার অগ্রিমের তথ্য-প্রমাণ দিতে পারেনি আমরা নেটওয়ার্কস

আগের অর্থবছরে মুনাফা করলেও ২০২৫-২৬ অর্থবছরে বড় অঙ্কের লোকসানে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রযুক্তি প্রতিষ্ঠান আমরা নেটওয়ার্কস লিমিটেড। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির নিট লোকসান হয়েছে ৭ কোটি ৪০ লাখ টাকা। একই সময়ে সরবরাহকারী ও অন্যান্য পক্ষকে দেওয়া ৭৬ কোটি ৭০ লাখ টাকার অগ্রিমের যথার্থতা যাচাই করতে পারেননি নিরীক্ষক। এ ছাড়া ডেটা সেন্টারের মূল্যায়ন, স্থায়ী সম্পদের হিসাব সংরক্ষণ এবং শ্রমিকদের মুনাফার অংশ নির্ধারিত তহবিলে জমা দেওয়া নিয়েও প্রশ্ন উঠেছে।

কোম্পানিটির ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক বিবরণী নিরীক্ষা করে শর্তযুক্ত মতামত দিয়েছেন নিরীক্ষা প্রতিষ্ঠান কে এম হাসান অ্যান্ড কোম্পানি। নিরীক্ষকের প্রতিবেদনে অগ্রিম অর্থের পর্যাপ্ত প্রমাণ না পাওয়া, সম্পদের মূল্যায়নসংক্রান্ত নথির ঘাটতি এবং শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের মুনাফার অংশ নির্ধারিত তহবিলে জমা না দেওয়ার বিষয়গুলো উঠে এসেছে।

নিরীক্ষকের পর্যবেক্ষণ অনুযায়ী, আমরা নেটওয়ার্কস আর্থিক বিবরণীতে আমরা হোল্ডিংস লিমিটেডের কাছ থেকে পাওয়া একটি ডেটা সেন্টারকে সম্পদ হিসেবে দেখিয়েছে। তবে এর ন্যায্য মূল্য নির্ধারণের পক্ষে কোনো মূল্যায়ন প্রতিবেদন কিংবা পর্যাপ্ত প্রমাণ সরবরাহ করতে পারেনি প্রতিষ্ঠানটি। পাশাপাশি স্থায়ী সম্পদের হালনাগাদ নিবন্ধনও সংরক্ষণ করা হয়নি। ফলে ডেটা সেন্টারটির হিসাবভুক্ত মূল্য যথাযথ কি না, তা নিশ্চিত হতে পারেননি নিরীক্ষকেরা।

সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে সরবরাহকারী ও অন্যান্য পক্ষকে দেওয়া অগ্রিম অর্থ নিয়ে। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির হিসাবে এ খাতে ৭৬ কোটি ৭০ লাখ টাকা দেখানো হয়েছে। আগের অর্থবছরের শেষে এ অঙ্ক ছিল ৬১ কোটি ১৬ লাখ টাকা। অগ্রিম অর্থের প্রকৃতি, উদ্দেশ্য, শর্ত ও সংশ্লিষ্ট তথ্য যাচাইয়ের প্রয়োজনীয় নথি না পাওয়ায় হিসাবের যথার্থতা নিশ্চিত করতে পারেননি নিরীক্ষকেরা। এতে কোনো সমন্বয় প্রয়োজন কি না, সেটিও নির্ধারণ করা সম্ভব হয়নি।

অন্যদিকে, কোম্পানিটির শ্রমিকদের মুনাফার অংশগ্রহণ তহবিল বাবদ ২ কোটি ৪৯ লাখ টাকা দায় হিসেবে রয়েছে। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী নির্ধারিত সময়ে এ অর্থ সংশ্লিষ্ট তহবিলে জমা দেওয়া হয়নি। একই আইনের ২৪৮ ধারা অনুযায়ী তহবিলটির নিরীক্ষাও সম্পন্ন হয়নি। তবে এ পর্যবেক্ষণের কারণে মূল নিরীক্ষা মতামতে কোনো পরিবর্তন আনা হয়নি।

আর্থিক ফলাফলও কোম্পানিটির ব্যবসায়িক চাপের চিত্র তুলে ধরছে। ২০২৫-২৬ অর্থবছরে আমরা নেটওয়ার্কসের আয় হয়েছে ৭৩ কোটি ২৭ লাখ টাকা, আগের অর্থবছরে যা ছিল ৯২ কোটি ১৫ লাখ টাকা। এক বছরে আয় কমেছে ১৮ কোটি ৮৮ লাখ টাকা বা প্রায় ২০ শতাংশ। আলোচ্য বছরে পরিচালন লোকসান হয়েছে ২ কোটি ৭৪ লাখ টাকা। আর্থিক ব্যয় যুক্ত হওয়ায় কর-পূর্ব লোকসান আরও বেড়েছে।

২০২৪-২৫ অর্থবছরে ১ কোটি ২১ লাখ টাকা নিট মুনাফা করলেও এবার ৭ কোটি ৪০ লাখ টাকা নিট লোকসান করেছে প্রতিষ্ঠানটি। এ সময়ে শেয়ারপ্রতি আয় ১৩ পয়সা থেকে কমে ঋণাত্মক ৮০ পয়সায় দাঁড়িয়েছে।

আয় কমার কারণ হিসেবে কোম্পানি কর্তৃপক্ষ বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি, সেবার মূল্য কমানো, গ্রাহক ও করপোরেট ব্যবসায় পরিবর্তন, সরবরাহ ও পরিবহনসংক্রান্ত জটিলতা এবং গ্রাহকদের অন্য সেবাদাতার কাছে চলে যাওয়ার কথা উল্লেখ করেছে।

কোম্পানিটির পরিচালন কার্যক্রম থেকে নগদ অর্থের প্রবাহও আরও নেতিবাচক হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে এ খাতে নিট নগদ প্রবাহ ঋণাত্মক ছিল ৬ কোটি ৪৪ লাখ টাকা, যা ২০২৫-২৬ অর্থবছরে বেড়ে ঋণাত্মক ১৭ কোটি ১১ লাখ টাকায় দাঁড়িয়েছে।

২০২৬ সালের ৩০ জুন শেষে আমরা নেটওয়ার্কসের মোট সম্পদ দাঁড়িয়েছে ৪১০ কোটি ৩৫ লাখ টাকা। আগের অর্থবছরে যা ছিল ৪২৪ কোটি ৫০ লাখ টাকা। এক বছরে কোম্পানিটির মোট সম্পদ কমেছে ১৪ কোটি ১৫ লাখ টাকা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status