ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজারের-৪ উখিয়া আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।
সকাল থেকে উখিয়ার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে নারী-পুরুষ ভোটারদের স্বতঃস্ফূর্ত ও উল্লেখযোগ্য উপস্থিতি। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের সংঘাত বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ভোটগ্রহণ শুরুর পর থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনেকেই সকাল সকাল কেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটাররা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তারা সন্তুষ্ট।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ধানের শীষ প্রতীকের এমপি পদপ্রার্থী শাহ জাহান চৌধুরী ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন এবং জনগণের রায় মেনে নেবেন। পাশাপাশি তিনি নেতা-কর্মীদের শান্ত থাকার নির্দেশ দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই জনগণের প্রত্যাশা। ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন—এটাই তিনি চান। পাশাপাশি তিনি তার সমর্থকদের আইনশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
সহকারী রিটার্নিং কর্মকর্তা রিফাত আসমা ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উখিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ভোটারদের উপস্থিতি চোখে দেখার মতো ও প্রশাসন নির্বাচনকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
স্থানীয় প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, দিনের বাকি সময়ও একইভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হবে।