চট্টগ্রামে চলছে ভোট গ্রহন, কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 12 February, 2026, 3:32 PM
চট্টগ্রামে চলছে ভোট গ্রহন, কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন
চট্টগ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে নগরী ও জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে একযোগে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়।
ভোটগ্রহণ শুরুর আগেই চট্টগ্রামের সবকটি কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। সকাল থেকেই নারী-পুরুষ ভোটাররা উৎসবমুখর পরিবেশে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে উপস্থিত হন। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি আরও বাড়বে।
চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫টি রাজনৈতিক দলের মোট ১১৫ জন প্রার্থী। প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ অন্য রাজনৈতিক দল।
নির্বাচন উপলক্ষে নগরী ও জেলার বিভিন্ন কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রগুলোতে পুলিশ, র্যাব, আনসার, বিজিবি, সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।