প্রার্থীর মনোনয়ন বাতিল, ১ জনের স্থগিত, খাগড়াছড়ি-২৯৮ আসনে যাচাই-বাছাই শেষে ৭ প্রার্থী বৈধ
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Sunday, 4 January, 2026, 11:42 AM
প্রার্থীর মনোনয়ন বাতিল, ১ জনের স্থগিত, খাগড়াছড়ি-২৯৮ আসনে যাচাই-বাছাই শেষে ৭ প্রার্থী বৈধ
পার্বত্য জেলা খাগড়াছড়ি-২৯৮ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৭ জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ১ জনের মনোনয়ন স্থগিত ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি ২০২৬) খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আনোয়ার সাদাত এ ঘোষণা দেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি-২৯৮ আসনে মোট ১৬টি মনোনয়নপত্র বিক্রি হলেও জমা পড়ে ১৫টি। যাচাই-বাছাই শেষে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টিসহ মোট ৭টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
রিটার্নিং কর্মকর্তা জানান, প্রয়োজনীয় কাগজপত্রে গড়মিল এবং ১ শতাংশ ভোটার তালিকার তথ্য সঠিক না থাকায় ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. মোস্তফার মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।
যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন— কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান, সন্তোষিত চাকমা বকুল, লাব্রিচাই মারমা, সোনা রতন চাকমা, স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরা, বাংলাদেশ খেলাফতে মজলিস মনোনীত প্রার্থী মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী এবং গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী দীনময় রোয়াজা।
অন্যদিকে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন— বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ এয়াকুব আলী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মিথিলা রোয়াজা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ কাউসার, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী মোঃ নুর ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা এবং বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির মনোনীত প্রার্থী উশোপ্রু মারমা।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আনোয়ার সাদাত আরও জানান, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
খাগড়াছড়ি-২৯৮ আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ অধিকাংশ প্রধান রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণার মাধ্যমে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট হয়ে উঠেছে।