প্রকাশ: Monday, 11 April, 2022, 1:26 PM সর্বশেষ আপডেট: Monday, 11 April, 2022, 1:30 PM
কী ব্যাখ্যা দেবেন মুশফিক?
মুশফিকেরও নিশ্চয়ই নিজস্ব একটা ব্যাখ্যা আছে, ব্যক্তিগত পঞ্চাশ ছোঁয়া ওভারেই অসময়োচিত রিভার্স সুইপটি খেলার। সেই ব্যাখ্যা জানা যাবে কি না, সংশয় আছে। কেউ জিজ্ঞাসা করলে তো!
ফারুক আহমেদ তখন প্রধান নির্বাচক। ডেভ হোয়াটমোর চিনতেনই না ১৬ বছরের কিশোরকে। তাই ২০০৫ সালের ইংল্যান্ড সফরের শুরুতে ছোটখাটো গড়নের মুশফিকুর রহিমের প্রতি বাংলাদেশের তৎকালীন হেড কোচের বিশেষ আগ্রহ ছিল না। কিন্তু সফরের প্রথম নেট সেশনেই বাংলাদেশের টেস্ট ভবিষ্যৎ দেখে ফেলেন হোয়াটমোর।
‘পাশের নেটে ব্যাটের সুইট সাউন্ড শুনে ঘুরে তাকিয়ে দেখি মুশি ব্যাট করছে’—লর্ডস টেস্ট শুরুর আগে নিজের রুমে বসে উচ্ছ্বসিত সেই কোচ গতকাল সেন্ট জর্জেস পার্কের ড্রেসিংরুমে থাকলে কী করতেন, সেটি অনুমান করা যায়। নিশ্চিতভাবে আগামী কয়েক দিন কথাই বলতেন না মুশফিকের সঙ্গে। বিরতির আগে উইকেট বিলিয়ে আসা বাংলাদেশি ব্যাটারদের জন্য এটাই ‘শাস্তি’ ছিল হোয়াটমোরের। সে সময় বিরতির আগে আউট হওয়াটা নিয়মিত ব্যাপার ছিল, তাই প্রতি সিরিজেই কয়েকজনের সঙ্গে কথাবার্তা বন্ধ থাকত কোচের!
অসুস্থতার কারণে বাংলাদেশের বর্তমান হেড কোচ রাসেল ডমিঙ্গো পোর্ট এলিজাবেথে নিজের বাসায় বসে টিভিতে খেলা দেখছেন। তবে ব্যাটিং কোচ জেমি সিডন্স আছেন ড্রেসিংরুমে। গতকাল মধ্যাহ্ন ভোজের বিরতির এক ওভার আগে সাইমন হারমারকে রিভার্স সুইপ খেলে সাজঘরে ফেরা মুশফিককে তিনি কিছু বলেছেন কি না, জানা যায়নি। তা ছাড়া ড্রেসিংরুমের বিষয়াদি আজকাল খুব একটা বাইরে আসেও না। তবে দলের যে সংস্কৃতি, তাতে ধরে নেওয়া যায় কেউ কিছু বলেননি মুশফিককে। কিছুক্ষণ হয়তো মন খারাপ করে থেকেছেন তিনি। দুই বছর বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শকের ভূমিকায় কাজ করা নেইল ম্যাকেঞ্জি সাবেক শিষ্যের পক্ষে একটা যুক্তিই খুঁজে পেয়েছেন, ‘নতুন বোলারকে হয়তো থিতু হতে দিতে চায়নি মুশফিক। আর ও তো সুইপ শট ভালো খেলে। ’ এই যুক্তির পরও কিছুটা বিচলিত ম্যাকেঞ্জি, ‘লাঞ্চের মাত্র মিনিট চারেক বাকি, দল ফলোঅনের মুখেম্যাচ পরিস্থিতি বিবেচনায় মুশফিকের শট সিলেকশনের টাইমিংটা ভালো হয়নি। ’
রিভার্স সুইপ খেলার জন্য গতকাল কতটা বাজে সময় বেছে নিয়েছিলেন মুশফিক, সেটি সুপারস্পোর্টে ধারাভাষ্য দিতে থাকা মার্ক নিকোলাসের তাৎক্ষণিক বিস্ময়েই পরিষ্কার, ‘ও (মুশফিক) কী ছেলেমানুষি করেছে, তাই না?’ দলের শেষ স্বীকৃত ব্যাটার তিনি। হারমারের পর আরেকটা ওভার নিরাপদে খেলে দিলে মেহেদী হাসান মিরাজকে নিয়ে লাঞ্চে যেতেন মুশফিক। এতে যে ম্যাচ উল্টোদিকে হাঁটা দিতই, তা নয়। কিন্তু লড়াই করার জন্য আরেকটু অক্সিজেন নিশ্চিতভাবেই পেত বাংলাদেশ দল। তা ছাড়া পোর্ট এলিজাবেথের মাঠে চলমান টেস্টের জ্যেষ্ঠতম খেলোয়াড়ের কাছ থেকে এমন ‘শিশুতোষ’ ভুল গ্রহণযোগ্য নয়।
অ্যাশওয়েল প্রিন্স কিছুদিন ম্যাকেঞ্জির দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ দলে। তাঁর বিদায়টা সুখের হয়নি। মুশফিকের আউট নিয়ে প্রিন্সের প্রতিক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেটের সামগ্রিক একটা ছবিও আছে, ‘তোমরা তো কিছু লিখবে না!’
এটা স্পষ্ট কটাক্ষ। এবং এই কটাক্ষ একেবারে অর্থহীন নয়। নিশ্চিত করেই বলা যায়, মুশফিকের গতকালের ভুলটা যদি ইয়াসির আলী করতেন, তবে ড্রেসিংরুমের আবহ ভিন্ন হতো। কোচিং স্টাফ থেকে শুরু করে সতীর্থদের ভাবভঙ্গিতেও ইয়াসির ভুলের মাত্রা হাড়ে হাড়ে টের পেতেন! মুশফিকের ক্ষেত্রে তেমন কিছু হবে না। অবশ্য পেশাদার জগতে সংশ্লিষ্ট ব্যক্তি ভুল থেকে শিখবেন, এটাই প্রত্যাশিত। একই যুক্তিতে ১৬ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলা মুশফিকেরও ভুল থেকে শিক্ষা নিতে নিতে এত দিনে পরিণত হয়ে ওঠার কথা। না হয়ে থাকলে প্রত্যাশাই সম্বল, যেন ক্রিকেট মাঠে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মুশফিকুর রহিম আরো পরিণত হয়ে ওঠেন।
ফুটনোটে ডেভ হোয়াটমোরের সময়কার আরেকটি ঘটনা উল্লেখের দাবি রাখে। বিদেশের মাটিতে একজন সেঞ্চুরি করে এসে ড্রেসিংরুমে ঘুমিয়ে পড়েছিলেন। সে সময় এমন সেঞ্চুরি বাংলাদেশ দলে মহার্ঘতুল্য। তবু ঘুম ভাঙিয়ে তাঁর কলার চেপে ধরেছিলেন হোয়াটমোর। মাঠে দল লড়ছে, আর সেঞ্চুরি করে একজন ঘুমাচ্ছে—ভীষণ আত্মকেন্দ্রিকতা মনে হয়েছিল হোয়াটমোরের। যদিও সেই সেঞ্চুরিয়ান এত বছর পরও নিজের ব্যাখ্যায় অটল, ‘কী গরম ছিল সেদিন! অত্যন্ত শ্রান্ত ছিলাম বলেই ঘুমিয়ে পড়েছিলাম। ’
মুশফিকেরও নিশ্চয়ই নিজস্ব একটা ব্যাখ্যা আছে, ব্যক্তিগত পঞ্চাশ ছোঁয়া ওভারেই অসময়োচিত রিভার্স সুইপটি খেলার। সেই ব্যাখ্যা জানা যাবে কি না, সংশয় আছে। কেউ জিজ্ঞাসা করলে তো!