ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
চাঁদা না পেলেই গুলি করতেন তারা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 7 April, 2022, 4:42 PM

চাঁদা না পেলেই গুলি করতেন তারা

চাঁদা না পেলেই গুলি করতেন তারা

রিয়াজ বাহিনীর মূলহোতা রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজ ও গ্রেফতার চারজন

নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী গ্রুপ রিয়াজ বাহিনী। এই বাহিনীর মূলহোতা রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজ, যিনি হত্যা, খুনসহ ১৫টি মামলার আসামি।

বুধবার রাতে র‌্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ ও সোনারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে ও তার ৪ সহযোগীকে গ্রেফতার করে। সেইসঙ্গে তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার তার সহযোগী চারজন হলেন মো. জাহিদুল ইসলাম ওরফে কালা ভাগিনা (২৩), মারুফ হোসেন মুন্না (২৪), মো. সেলিম (২৩) ও মো. মাহবুব মিয়া (২৩)।

আজ বৃহস্পতিবার দুপুরে কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, কেউ চাঁদা দিতে না চাইলে ত্রাস সৃষ্টির জন্য হামলা, আক্রমণ ও আগ্নেয়াস্ত্রের ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন করতেন তারা। এলাকায় ভয়ে রিয়াজ বাহিনীর বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পেতেন না। রিয়াজের নেতৃত্বে তার সন্ত্রাসী দল এলাকার বালু ভরাট ও মাটি কাটার ব্যবসা নিয়ন্ত্রণ করে থাকেন ও ট্রাক প্রতি নির্ধারিত হারে তার দল চাঁদা নিতেন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় মামলা পরিচালনার জন্য অর্থ সংকটে ভুগছিলেন রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজ। এই টাকা সংগ্রহের জন্য এক ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবি অনুযায়ী, পুরো টাকা দিতে অপারগতা প্রকাশ করায় ওই ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করেন শুটার রিয়াজ বাহিনীর সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য দেন।

খন্দকার আল মঈন বলেন, গত ২৯ মার্চ রূপগঞ্জ এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে সশ্রস্ত্র হামলা ও গুলিবর্ষণে একজন গুলিবিদ্ধ হন। আরও ২০ জন আহত হন। তখন এলাকায় ব্যাপক ভাঙচুর করা হয়। গত ১৫ মার্চ নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় পূর্বশত্রুতার জের ধরে শফিক ও শামীম মল্লিক নামে দুই ব্যক্তিকে তাদের বাসার সামনে অতর্কিতভাবে এলোপাতাড়ি গুলি করা হয়।

এর আগে গত বছরের ২৩ ডিসেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় পূর্বশত্রুতার জেরে বাড়িতে গিয়ে বিদ্যুৎকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করা হয়। গুলিতে পাশের বাড়ির একটি মেয়ের চোখে লেগে তার একটি চোখ নষ্ট হয়ে যায়। পরবর্তীতে ওই ঘটনায় একটি মামলা হলে মামলার বাদী ও সাক্ষীদেরও হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম ও গুলি করা হয়।

তিনি আরও জানা, গত বছরের ৭ নভেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে একজন নিহত হন। এসব বিষয় পর্যালোচনায় দেখা যায়, ঘটনাগুলো এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, জমি দখলকে কেন্দ্র করে রিয়াজ বাহিনীর প্রধান শুটার রিয়াজের নেতৃত্বে সংঘটিত হয়। এ পরিপ্রেক্ষিতে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বাড়ায়।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজ সোনারগাঁওয়ের একটি বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে অধ্যয়নকালে ২০১৬ সালে তার বড় ভাইয়ের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রমে সম্পৃক্ত হয়। রূপগঞ্জ ও সোনারগাঁও এলাকায় চাঁদাবাজি, ভূমি দখল ও ভাড়ায় মারামারি করতে গিয়ে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে অপরাধ জগতের লোকজনের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে।

একপর্যায়ে ওই ব্যক্তির সঙ্গে মনোমালিন্য হলে নিজেই একটি সশস্ত্র বাহিনী গড়ে তোলেন। তার সহযোগীদের অবৈধ অস্ত্র সরবরাহ শুরু করে। তিনি সহযোগীদের নিয়ে সোনারগাঁও এলাকায় সশস্ত্র মহড়া দিতেন। অস্ত্র ঠেকিয়ে বালু ও মাটি ভর্তি ট্রাক থেকে চাঁদা আদায় করতেন। নারায়ণগঞ্জ এলাকায় অবৈধভাবে জমি দখলের জন্য ভাড়ায় তার দল নিয়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন।

গ্রেফতার রিয়াজের বিরুদ্ধে হত্যা, মারামারি, বিস্ফোরক ও অস্ত্র আইনে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ১৫টি মামলা ও বেশ কয়েকটি জিডি রয়েছে। রিয়াজ বিভিন্ন মেয়াদে একাধিকবার কারাবরণ করেছেন।

সবজি বিক্রেতা, মাটি কাটার ব্যবসা থেকে রিয়াজ বাহিনীর সহযোগী

সংবাদ সম্মেলনে সহযোগীদের সম্পর্কে বলা হয়, গ্রেফতার জাহিদুল ইসলাম ওরফে কালা ভাগিনা রিয়াজ বাহিনীর প্রধান সহযোগী। রূপগঞ্জের একটি কলেজ থেকে এইচএসসি পাস করেন। আগে তিনি সবজির ব্যবসা করতেন। ২০১৯ সালে পরিচয় হলে রিয়াজ তাকে তার সশস্ত্র বাহিনীতে যুক্ত করেন। রিয়াজের সহযোগী হিসেবে কাজ করতেন। তার বিরুদ্ধে হত্যা, মারামারি ও বিস্ফোরক আইনে রূপগঞ্জ থানায় ৬টি মামলা রয়েছে।

মারুফ হোসেন মুন্না রিয়াজের ঘনিষ্ঠ সহযোগী। তিনি সোনারগাঁওয়ের একটি বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেন। মুন্না সোনারগাঁও এলাকায় মাটি কাটার ব্যবসা করতেন। মাটির ব্যবসা করতে গিয়ে ২০২১ সালে তিনি রিয়াজ বাহিনীতে যোগ দেন। মাদক সংগ্রহ, সরবরাহ ও অস্ত্র সরবরাহের কাজে তিনি রিয়াজকে সহযোগিতা করতেন। তার নামে রূপগঞ্জ থানায় দুটি মাদক মামলা রয়েছে।

গ্রেফতার মাহবুব মিয়া রূপগঞ্জের একটি কলেজ থেকে ডিগ্রি তৃতীয় বর্ষ পর্যন্ত পড়ালেখা করেন। তিনি রূপগঞ্জ এলাকায় ইট বালুর ব্যবসা করতেন। ব্যবসায় আধিপত্য বিস্তারের জন্য তিনি রিয়াজ বাহিনীতে যোগ দেন। মাহবুব রিয়াজের সহযোগী হিসেবে বিভিন্ন অবৈধ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়ে থাকেন।

আর গ্রেফতার সেলিম সোনারগাঁওয়ের একটি বিদ্যালয় থেকে এসএসসি পর্যন্ত পড়ালেখা করেন। ২০১৬ সালে তিনি মধ্যপ্রাচ্যের একটি দেশে গিয়ে মসজিদে কার্পেট বিছানোর কাজ করতেন। কিছুদিন আগে দেশে ফিরে রিয়াজ বাহিনীতে যোগ দেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status