নিয়োগ স্থগিত, রাবি ভিসির দুর্নীতির ব্যবস্থা নিতে রুল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 6 September, 2021, 8:19 PM
নিয়োগ স্থগিত, রাবি ভিসির দুর্নীতির ব্যবস্থা নিতে রুল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ব্যবস্থা না নেয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ভিসি সোবহানের মেয়াদের শেষ কার্যদিবসের আগের রাতে দেয়া ১৩৮ জনের নিয়োগ স্থগিত করেছেন আদালত।
সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।
এ বিষয়ে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, গত ৩১শে আগস্ট হাইকোর্টে রিট দায়ের করা হয়। প্রকাশ্যে দুর্নীতির বিষয়টি আসার পরও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এ বিষয়টি আমরা আদালতকে জানানো হয়।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম আবদুস সোবহানের শেষ কর্মদিবস ছিল গত ৬ই মে। ওইদিন দুপুরে পুলিশ পাহারায় ক্যাম্পাস ত্যাগ করেন। ক্যাম্পাস ত্যাগের পর জানা যায়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী পদে বেশ কিছু নিয়োগ দিয়ে গেছেন তিনি।
এরপর নিয়োগপ্রাপ্ত এবং নিয়োগবঞ্চিত ছাত্রলীগের দুপক্ষের মধ্যে ক্যাম্পাসে সংঘর্ষ হয়। ওইদিন সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় অধ্যাপক আবদুস সোবহানের শেষ কর্মদিবসে দেয়া নিয়োগ অবৈধ ঘোষণা দিয়ে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
কমিটির আহ্বায়ক করা হয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর করে চার সদস্যের কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে ২৩শে মে শিক্ষা মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে এই কমিটি।