ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
কে এই সুইডেন আসলাম, অপরাধজগতে কীভাবে তার উত্থান?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 23 November, 2026, 1:42 PM

কে এই সুইডেন আসলাম, অপরাধজগতে কীভাবে তার উত্থান?

কে এই সুইডেন আসলাম, অপরাধজগতে কীভাবে তার উত্থান?

আবারও আলোচনায় নব্বই দশকের শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম। ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর রাতে জামিনে বেরিয়ে আত্মগোপনে চলে গিয়েছিলেন রাজধানী ঢাকার এই ত্রাস। কিন্তু দেশ ছাড়তে গিয়ে আবারও ধরা পড়েছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে তিনি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এসময় তাকে গ্রেপ্তার করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজে করে থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে প্রবেশ করেন। এরপর তিনি ইমিগ্রেশনে গেলে তাকে গ্রেপ্তার করা হয়। ইতোমধ্যে তাকে ডিএমপি ডিবিতে হস্তান্তর করা হয়েছে।

ডিএমপির ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, সুইডেন আসলামকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

কে এই সুইডেন আসলাম?

প্রকৃত নাম শেখ মোহাম্মদ আসলাম। বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়া এলাকায়। বাবা শেখ জিন্নাত আলী। পরিবার নিয়ে ঢাকার ইন্দিরা রোডে থাকতেন তিনি। তেজগাঁও পলিটেকনিক স্কুল (বর্তমানে তেজগাঁও সরকারি বিদ্যালয়) থেকে এসএসসি পাস করেন।

একসময় রাজধানীর কারওয়ান বাজার, তেজগাঁও, রাজাবাজার ও শেরেবাংলা নগরসহ বিভিন্ন এলাকার অপরাধজগতের নিয়ন্ত্রণ ছিল তার হাতে। খুন, চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দীর্ঘ ২৭ বছর কারাগারে ছিলেন আলোচিত এই ব্যক্তি।

ঢাকার অপরাধজগতে একসময় আতঙ্কের নাম ছিল সুইডেন আসলাম। নব্বইয়ের দশকে রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় তার নাম আলোচনায় আসে।

দীর্ঘদিন আত্মগোপনে থাকা, ছদ্মবেশে চলাফেরা এবং সবসময় বুলেটপ্রুফ জ্যাকেট পরে থাকার কারণে তাকে ঘিরে তৈরি হয়েছিল নানা রহস্য।

যেভাবে অপরাধজগতে সুইডেন আসলামের উত্থান

বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ১৯৮৬-৮৭ সালের দিকে অপরাধজগতে আসলামের উত্থান শুরু হয়। প্রথম দিকে রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় তার প্রভাব ছিল। ১৯৮৭ সালে পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলের ভেতরে মায়ের সামনে কিশোর শাকিলকে হত্যার অভিযোগে আলোচনায় আসেন তিনি।

নব্বইয়ের দশকের শুরুতে কারওয়ান বাজার ও আশপাশের এলাকার অপরাধজগৎ নিয়ন্ত্রণ করত জাতীয় তরুণ পার্টির রানা গ্রুপ। ওই গ্রুপের অন্যতম সদস্য ছিলেন পিচ্চি হান্নান। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৯৯০ সালের পর রানা গ্রুপের সঙ্গে সুইডেন আসলামের বিরোধ বাড়তে থাকে। দুই পক্ষের মধ্যে নিয়মিত সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটত। এসব সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটে।

১৯৯৬ সালে রানা গ্রুপের অন্যতম সদস্য পিচ্চি হান্নানকে নিজের দলে ভেড়ান আসলাম। পরে একই বছর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের সুপারস্টার হোটেলের সামনে রানাকে হত্যার ঘটনায় আসলাম ও হান্নানের নাম আসে। অভিযোগ রয়েছে, হান্নানকে দিয়ে ওই হত্যাকাণ্ড ঘটান আসলাম।

রানার মৃত্যুর পর কারওয়ান বাজার, তেজতুরি বাজার, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগর এলাকায় আসলামের আধিপত্য বিস্তৃত হয়। কারওয়ান বাজার ও তেজতুরি বাজারের দায়িত্ব দেন পিচ্চি হান্নানকে। তবে এসব এলাকায় চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হতো আসলামের নামেই।

কারাগারে থেকেও নিয়ন্ত্রণ করতেন অপরাধ জগত

১৯৯৭ সালের ২৩ মার্চ যুবলীগ নেতা গালিব হত্যাকাণ্ডের পর সুইডেন আসলাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসেন। একই বছরের ২৬ মে তাকে গ্রেপ্তার করা হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে। গ্রেপ্তারের সময় তার বয়স ছিল ৩৫ বছর। সে সময় তার কাছ থেকে বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধারের কথাও জানা যায়।


গ্রেপ্তারের পর কারাগারে থাকলেও অপরাধজগতের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি বলে অভিযোগ রয়েছে। এ ক্ষেত্রে প্রধান সহযোগী হিসেবে কাজ করতেন পিচ্চি হান্নান। কারাগারে বসেই আসলাম বিভিন্ন এলাকার ব্যবসায়ী, আড়তদার, পোশাক কারখানার মালিক ও জমি কেনাবেচার সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছ থেকে চাঁদা আদায় নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ রয়েছে। এসব অর্থের ভাগও তিনি পেতেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

এছাড়া মাদক চোরাচালান, অর্থের বিনিময়ে হত্যাকাণ্ড এবং জমি দখলের মতো অপরাধেও তার জড়িত থাকার অভিযোগ ছিল।

কারাগারের ভেতরেও একাধিকবার মারামারির ঘটনায় আলোচনায় আসেন আসলাম। তার সেল থেকে দুটি মুঠোফোন উদ্ধারের তথ্যও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এসব ফোনের মাধ্যমে বাইরে থাকা সহযোগীদের সঙ্গে যোগাযোগ এবং মামলার বাদী ও সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগ ছিল। এ কারণে বিভিন্ন সময়ে তাকে এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তর করা হয়।

কীভাবে নাম হলো সুইডেন আসলাম

আসলামের নামের আগে ‘সুইডেন’ শব্দটি যুক্ত হওয়ার পেছনেও রয়েছে ব্যক্তিগত জীবনের একটি ঘটনা। জানা যায়, তার প্রথম স্ত্রী ইতি ছিলেন সুইডেনপ্রবাসী। বিয়ের পর আসলামও কয়েক বছর সুইডেনে ছিলেন। সেই সূত্রেই পরিচিতি পান সুইডেন আসলাম নামে। পরে ইতির সঙ্গে তার বিচ্ছেদ ঘটে।

আসলামের ঘনিষ্ঠজনদের কারও কারও দাবি, ২০১০ সালের পর জামিনে মুক্তি পাওয়ার সুযোগ থাকলেও ‘ক্রসফায়ারের’ আশঙ্কায় তিনি সেভাবে জামিনের চেষ্টা করেননি।

জানা যায়, তার বিরুদ্ধে ১২টি মামলার মধ্যে নয়টি হত্যা মামলা। অস্ত্র মামলায় ১৭ বছরসহ কয়েকটি মামলায় সাজাও হয়েছিল তার।

২৭ বছর পর কারামুক্তি, দুই বছরের মাথায় আবারও গ্রেপ্তার

চারদলীয় জোট সরকারের আমলে ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর একজন সুইডেন আসলাম। বিভিন্ন কারাগার ঘুরে ২০১৪ সাল থেকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তার হাজতি নম্বর ছিল- ৬৬৩/২০।

দীর্ঘদিন কারাগারে থাকার পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান সুইডেন আসলাম। তার এই মুক্তি পাওয়ার বিষয়টি অবাক করেছিল অনেককেই; হয়েছিল ব্যাপক সমালোচনা। তবে, এরপর তাকে নিয়ে আর আলোচনা শোনা যায়নি তেমন। এবার আবার দুই বছরের মাথায় গ্রেপ্তার হয়ে আলোচনায় এলেন ঢাকার এক সময়কার এই ত্রাস।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status