কে কোন ধর্মের তা বিবেচ্য নয়, আমরা সবাই বাংলাদেশি : ডেপুটি স্পিকার
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
প্রকাশ: Monday, 23 November, 2026, 8:01 PM
কে কোন ধর্মের তা বিবেচ্য নয়, আমরা সবাই বাংলাদেশি : ডেপুটি স্পিকার
নেত্রকোনার দুর্গাপুরে গারো-হাজংসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দের মধ্যে বিদ্যমান বিভেদ দূর করে শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ব্যক্তিগত স্বার্থ, নেতৃত্বের দ্বন্দ্ব কিংবা রাজনৈতিক মতপার্থক্যের কারণে শিশুদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না। নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে না পারলে এলাকার উন্নয়ন এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও বাধাগ্রস্ত হতে পারে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় দুর্গাপুর উপজেলার বিরিশিরিতে ‘অবহেলিত শিশুর সার্বিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ’ প্রতিপাদ্যে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ময়মনসিংহসহ ক্লাস্টার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। ১৬টি এলডিসি শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
ডেপুটি স্পিকার বলেন, ব্যক্তিগত বিভেদ ভুলে শিশুদের স্বার্থে আপনারা এক হোন। আপনাদের বিভেদের সবচেয়ে বড় শিকার হচ্ছে আপনাদেরই সন্তানরা। গারো-হাজংসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতার চর্চা দেখে এসেছি ছোটবেলা থেকে। সময়ের সঙ্গে সেই ঐক্যে ফাটল ধরেছে, যা আমাকে ব্যাথিত করে তুলছে। একটি সম্প্রদায়ের সার্বিক উন্নয়নের জন্য ঐক্যে থেকে বসবাস করা অত্যন্ত জরুরি। নিজেদের মধ্যে বিভেদ থাকলে কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন করা কঠিন।
কম্প্যাশন ইন্টারন্যাশনালের আর্থিক সহায়তার প্রসঙ্গ তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলো শিশুদের কল্যাণ, শিক্ষা ও মানবিক বিকাশে কাজ করতে চায়। কিন্তু সংশ্লিষ্ট সংগঠনগুলোর মধ্যে বিভেদ থাকলে এসব কার্যক্রম পরিচালনা এবং অর্থায়ন অব্যাহত রাখার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। এর নেতিবাচক প্রভাব পড়বে শিশুদের ওপর।
“কম্প্যাশন অর্থ সহমর্মিতা, ভালোবাসা ও যত্ন। প্রতিষ্ঠানটি আপনাদের শিশুদের জন্য কাজ করছে। অথচ নিজেদের ব্যক্তিত্ব, অহংবোধ কিংবা নেতৃত্বের দ্বন্দ্বকে বড় করে দেখতে গিয়ে শিশুদের সেই সুযোগ থেকে বঞ্চিত না করার জন্য আহবান জানান তিনি।
তিনি জানান, দুর্গাপুর ও কলমাকান্দায় আরও উন্নয়নমূলক কার্যক্রম সম্প্রসারণের জন্য বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছেন তিনি। হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর মিস্টার ত্রিপুরার সঙ্গেও কথা বলেছেন এবং এ অঞ্চলে কার্যক্রম পরিচালনার অনুরোধ জানিয়েছেন। কম্প্যাশন ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংস্থার সহায়তা বাড়ানোর বিষয়েও তিনি উদ্যোগ নিতে আগ্রহী।
ডেপুটি স্পিকার বলেন, ইউনিসেফসহ আরও অনেক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এ অঞ্চলে কাজ করতে পারে। কিন্তু যাঁদের মাধ্যমে এসব কর্মসূচি বাস্তবায়িত হবে, তাঁদের মধ্যে বিভেদ থাকলে উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হবে। তাই নতুন প্রকল্প ও সহায়তা পাওয়ার পাশাপাশি বিদ্যমান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্যও সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানানো হয়।
শিশুদের ভবিষ্যৎ প্রসঙ্গে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আজকের শিশুরাই আগামীদিনের বাংলাদেশ। তাদের সুশিক্ষিত, মানবিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে সমাজ ও দেশ প্রকৃত অর্থে উন্নত হবে। এ ক্ষেত্রে পরিবার, সমাজ এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘রেইনবো স্টেট’ বা ‘রংধনুর রাষ্ট্র’ ধারণার কথা উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, রংধনুর বিভিন্ন রং যেমন একসঙ্গে মিলে সৌন্দর্য তৈরি করে, তেমনি বাংলাদেশের বিভিন্ন জাতিগোষ্ঠী, ধর্ম ও সংস্কৃতির মানুষ একসঙ্গে বসবাস করে দেশকে সমৃদ্ধ করতে পারেন। পাহাড়, সমতল কিংবা হাওরÑঅঞ্চলভেদে কিংবা ধর্মীয় পরিচয়ের কারণে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা উচিত নয়।
তিনি আরও বলেন, বিরিশিরি অঞ্চলের অনেক ছেলে-মেয়ে অস্ট্রেলিয়া ও আমেরিকাসহ বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত হয়েছেন। তাঁদের সাফল্য তাঁকে আনন্দিত করে। এ ধরনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে শিশুদের শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও সামাজিক মূল্যবোধের বিকাশ নিশ্চিত করতে হবে।
জিবিসিকে ঘিরে বিরোধ ও মামলা-মোকদ্দমার প্রসঙ্গ তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, একটি প্রতিষ্ঠানের সম্পত্তি, শিক্ষা কার্যক্রম কিংবা প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে এমন বিভেদ থাকা উচিত নয়, যাতে শিশুদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়। প্রতিষ্ঠানের সম্পদ ও কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।
সংশ্লিষ্ট নেতৃবৃন্দ নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে ভবিষ্যতে এ ধরনের কর্মসূচিতে অংশগ্রহণের বিষয়টি তাঁকে পুনর্বিবেচনা করতে হতে পারে বলেও সতর্ক করেন তিনি। প্রয়োজনে প্রশাসনের সঙ্গে আলোচনা এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর কাছে বিষয়টি তুলে ধরার কথাও জানান।
তিনি বলেন, নিজেদের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে হবে। একই সঙ্গে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে হবে। আসুন, আমরা সবাই একসঙ্গে কাজ করি। এমন একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করি, যেখানে প্রত্যেকে নিজের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য ধারণ করে দেশ ও জাতি গঠনে অনন্য ভূমিকা রাখতে পারবেন।
সমাবেশে সভাপতিত্ব করেন পাস্টার পরিতোষ চিসিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত, সহকারি কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির পরিচালব অঞ্জন চিচাম, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ, গারো ব্যাপ্টিস্ট কনভেনশন (জিবিসি) বাংলাদেশের সভাপতি পাং বরুণ কুমার দারিং, পাং সমূত রংছা, সাধারণ সম্পাদক পাং সুরঞ্জন দিব্রা এবং সাধারণ সম্পাদক পাং দীপক রিচিলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।