চট্টগ্রামে অনুষ্ঠানে মদপানের পর অসুস্থ হয়ে চারজনের মৃত্যু
মো. মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: Monday, 23 November, 2026, 7:14 PM
চট্টগ্রামে অনুষ্ঠানে মদপানের পর অসুস্থ হয়ে চারজনের মৃত্যু
চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের মোহরা খেজুরতলা এলাকায় একটি অনুষ্ঠানে মদপানের পর অসুস্থ হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবারের ওই অনুষ্ঠানে মদপানের পর কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ারউদ্দিন জানান, শুক্রবার স্থানীয় একটি অনুষ্ঠানে বেশ কয়েকজন ব্যক্তি মদপান করেন। এরপর তাঁদের মধ্যে পাঁচ থেকে ছয়জন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, অসুস্থদের মধ্যে রোববার ভোরে একজন এবং একই দিন সন্ধ্যায় আরেকজনের মৃত্যু হয়। তাঁদের নাম নান্টু ঘোষ ও উজ্জ্বল দেব। মৃত্যুর পর তাঁদের মরদেহের সৎকারও সম্পন্ন হয়েছে। একজনকে মোহরায় এবং অন্যজনকে রাঙ্গুনিয়ায় সৎকার করা হয়। সৎকারের পর পুলিশ তাঁদের মৃত্যুর বিষয়টি জানতে পারে।
এদিকে একই ঘটনায় অসুস্থ রিপন দে (৪৮) নামের আরেক ব্যক্তিকে রোববার রাত সাড়ে ১১টার দিকে চমেক হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ নুরুল আলম আশেক জানান, কর্তব্যরত চিকিৎসক তাঁকে হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
হাসপাতালে দেওয়া তথ্য অনুযায়ী, রিপন দে চান্দগাঁও থানার ব্রাহ্মণপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম তপু দে। স্ত্রী লীলা তাঁকে হাসপাতালে নিয়ে আসেন।
এ ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।
তবে কী ধরনের মদপান করে তাঁরা অসুস্থ হয়েছিলেন এবং মৃত্যুর সুনির্দিষ্ট কারণ কী, তা সংশ্লিষ্ট সূত্রের দেওয়া তথ্যে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি নিয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।