ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ইবিতে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
ইবি প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 24 November, 2026, 5:13 PM

ইবিতে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন

ইবিতে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন

উপমহাদেশের প্রাচীনতম ছাত্র সংগঠন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা জমিয়ত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর পূর্বে মিলনায়তনের সামনে  থেকে প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালী শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রশাসন ভবন, অনুষদ ভবন হয়ে পুনরায় মিলনায়তনের সামনে এসে শেষ হয়।

আলোচনা সভায় মো. আসাদুল্লাহ আল গালিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিন্তাবিদ কলামিস্ট এবং গবেষক ড. ঈসা শাহেদী। সুপার বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. এমতাজ হোসেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসনাত আলী, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ.ব.ম সাইফুল ইসলাম সিদ্দিকী ও অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার বর্তমান কেন্দ্রীয় সভাপতি মো. মাহমুদুল হাসান, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাও. মো. রুহুল আমিন। এছাড়াও আমন্ত্রিত অতিথিসহ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। 

বিশেষ অতিথির বক্তব্যে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাকির হোসাইন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামী শিক্ষা ও সাধারণ শিক্ষার সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। মাদ্রাসা শিক্ষা, আলেম-ওলামা ও মুসলমানদের প্রতি তার আন্তরিকতা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছিল। তার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও মাদ্রাসা শিক্ষা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমি আশা করছি, প্রধানমন্ত্রী তারেক রহমানও বিশ্ববিদ্যালয়টিকে প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও উদ্দেশ্যের দিকে এগিয়ে নিতে কাজ করবেন।

মাদ্রাসা শিক্ষার বর্তমান অবস্থা তুলে ধরে তিনি বলেন, দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ে স্বীকৃতি অর্জিত হলেও মানসম্মত আলেম তৈরির কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ জন্য মাদ্রাসা শিক্ষার উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং সর্বস্তরের মাদ্রাসা সরকারিকরণের ওপর গুরুত্বারোপ করছি।

তিনি আরও বলেন, জমিয়তে তালাবায়ে আরাবিয়ার শিক্ষার্থীরা সুশৃঙ্খল, নম্র ও ভদ্র নেতৃত্ব তৈরিতে কাজ করছে। মাদ্রাসার শিক্ষার্থীরাও সব ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন। তাদের যথাযথ সুযোগ ও মর্যাদা নিশ্চিত করা গেলে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট চিন্তাবিদ কলামিস্ট এবং গবেষক ড. ঈসা শাহেদী বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিভাগের শিক্ষার্থীদের জন্য ১০০ নম্বরের ধর্মীয় শিক্ষা (রিলিজিয়াস স্টাডিজ) বাধ্যতামূলক করা উচিত। এতে মুসলিম শিক্ষার্থীরা ইসলাম এবং অন্যান্য ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্মের মৌলিক বিষয় সম্পর্কে জানতে পারবে। পাশাপাশি প্রত্যেক বিভাগে অন্তত পাঁচটি ধর্মীয় ও ঐতিহ্যভিত্তিক কোর্স অন্তর্ভুক্ত করা যেতে পারে। উদাহরণ হিসেবে চিকিৎসাবিজ্ঞানের কথা উল্লেখ করে তিনি বলেন, চিকিৎসাশাস্ত্রের সঙ্গে কোরআন ও হাদিসে বর্ণিত স্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক নির্দেশনা, ইবনে সিনা ও আল-রাজির মতো মুসলিম চিকিৎসাবিজ্ঞানীদের জীবন ও কর্ম, ইবাদতের স্বাস্থ্যগত উপকারিতা এবং মানবসেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের বিষয়গুলো পাঠ্যক্রমে যুক্ত করা যেতে পারে।

তিনি আরও বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমন একটি শিক্ষাব্যবস্থার মডেল তৈরি করা হলে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ও তা অনুসরণ করতে পারে। শুধু জমিয়তে তালাবায়ে আরাবিয়া নয়, অন্যান্য ইসলামী সংগঠন, ছাত্রসংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদেরকেও দেশকে দুর্নীতিমুক্ত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে এমন শিক্ষাব্যবস্থার পক্ষে ভূমিকা রাখতে হবে।

বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস. এম. শামীম বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ইসলামী শিক্ষা ও সাধারণ শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করা। আর এই লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের স্বপ্ন থেকেই তালাবার আন্দোলনের ধারাবাহিকতায় আজকের ইসলামী বিশ্ববিদ্যালয়ের পথচলা।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, সেই স্বপ্নের পূর্ণাঙ্গ বাস্তবায়নে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া অগ্রণী ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status