টঙ্গীতে সিলিন্ডারের গ্যাস লিকেজে আগুন, নারী-শিশুসহ দগ্ধ ৩
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 23 November, 2026, 8:30 PM
টঙ্গীতে সিলিন্ডারের গ্যাস লিকেজে আগুন, নারী-শিশুসহ দগ্ধ ৩
গাজীপুরের টঙ্গীর পশ্চিম দাঁড়াইল এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বসতঘরে আগুন লাগার ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—মনিরা আক্তার (৩০), তাঁর ছয় বছরের ছেলে আরিফুল ইসলাম আরাফাত এবং তরিকুল ইসলাম (২৬)। পরে তাঁদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, রোববার রাতে পশ্চিম দাঁড়াইল এলাকার জাহানারা বেগমের মালিকানাধীন একটি বসতবাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে ঘরের ভেতরে জমে যাওয়ার পর কোনোভাবে আগুনের সংস্পর্শে এলে অগ্নিকাণ্ড ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘর থেকে বের হওয়ার সময় তিনজন দগ্ধ হন।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দগ্ধদের উদ্ধার করে প্রথমে গুসুলিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে (আইএমসিএইচ) নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহিন আলম সোমবার সকালে জানান, পশ্চিম দাঁড়াইলের অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।