ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩
৮৮ দিন গুম, ৮০৮ দিন কারাবাস; খালাসের পরও রাষ্ট্রের সহায়তা পাননি ইলিয়াস
পুলক রায়, নালিতাবাড়ী
প্রকাশ: Monday, 16 November, 2026, 4:42 PM

৮৮ দিন গুম, ৮০৮ দিন কারাবাস; খালাসের পরও রাষ্ট্রের সহায়তা পাননি ইলিয়াস

৮৮ দিন গুম, ৮০৮ দিন কারাবাস; খালাসের পরও রাষ্ট্রের সহায়তা পাননি ইলিয়াস

জীবনের যে সময়টাতে পড়াশোনা, কর্মজীবন আর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখার কথা, সেই সময়ের বড় একটি অংশ কেটেছে নিখোঁজ অবস্থা, কারাবাস ও আদালতের বারান্দায়। মাত্র ২০ বছর বয়সে নিখোঁজ হওয়ার পর দীর্ঘ দুর্ভোগ পেরিয়ে অবশেষে আদালতে নির্দোষ প্রমাণিত হয়েছেন শেরপুরের নালিতাবাড়ীর ইলিয়াস আহমেদ। প্রায় নয় বছরের আইনি লড়াই শেষে সব অভিযোগ থেকে খালাস পেলেও এখনো ঘুরে দাঁড়ানোর জন্য পাননি রাষ্ট্রীয় ক্ষতিপূরণ, আর্থিক সহায়তা কিংবা পুনর্বাসনের ব্যবস্থা।

ইলিয়াস আহমেদের বাড়ি নালিতাবাড়ী উপজেলার পূর্ব মানিককুড়া গ্রামে। ১৯৯৬ সালের ৪ এপ্রিল জন্ম নেওয়া ইলিয়াস জীবিকার তাগিদে গাজীপুরে একটি গার্মেন্টস কোম্পানির মানবসম্পদ (এইচআর) বিভাগে চাকরি করতেন। পরিবারের অভিযোগ, ২০১৭ সালের ৪ মার্চ গাজীপুরের বাংলাবাজার এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাকে তুলে নেওয়া হয়। এরপর টানা ৮৮ দিন তার কোনো সন্ধান পায়নি পরিবার।

নিখোঁজের প্রায় তিন মাস পর ২০১৭ সালের ৩১ মে তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি মামলায় (নম্বর ৪০(০৫)২০১৭) তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তী সময়ে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের একটি মামলায় (নম্বর ২৪৩/২০১৮) তাকে কারাগারে পাঠানো হয়। সেখানে ৮০৮ দিন কারাভোগের পর ২০১৯ সালের ৬ আগস্ট উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি।

জামিনে মুক্তি মিললেও শেষ হয়নি আইনি জটিলতা। নিজের বিরুদ্ধে আনা অভিযোগের বিরুদ্ধে দীর্ঘ সময় আদালতে লড়তে হয়েছে তাকে। অবশেষে ২০২৬ সালের ২৬ এপ্রিল বিচারিক আদালতের রায়ে সব অভিযোগ থেকে খালাস পান ইলিয়াস। এতে দীর্ঘদিনের আইনি লড়াইয়ের অবসান ঘটলেও জীবনের হারানো সময় ও আর্থিক ক্ষতির বোঝা এখনো বয়ে বেড়াচ্ছেন তিনি।

এদিকে, ইলিয়াসের গুম হওয়ার অভিযোগ গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে যাচাই-বাছাই শেষে তালিকাভুক্ত হয়েছে। এ সংক্রান্ত নথিতে স্মারক নম্বর গু.ক.ই-২.২০২৪-১০৫৭, তালিকায় তার ক্রমিক নম্বর ৩৯১ এবং রেজিস্ট্রেশন নম্বর ১৮৩৪ উল্লেখ রয়েছে।

ইলিয়াসের ভাষ্য, নিখোঁজ থাকা এবং পরবর্তী কারাবাস তার শিক্ষা ও কর্মজীবনের স্বাভাবিক অগ্রযাত্রা থামিয়ে দিয়েছে। দীর্ঘদিন মামলা পরিচালনার খরচ জোগাতে গিয়ে আর্থিক সংকটে পড়েছে তার পরিবারও। আদালতের রায়ে নির্দোষ প্রমাণিত হলেও সামাজিক মর্যাদা ও স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার সংগ্রাম এখনো শেষ হয়নি।

নিজের দুর্ভোগের কথা তুলে ধরে ইলিয়াস বলেন, “আদালত আমাকে নির্দোষ ঘোষণা করেছেন, গুম কমিশনেও আমার অভিযোগ গৃহীত হয়েছে। কিন্তু হারিয়ে যাওয়া নয়টি বছর, শিক্ষাজীবন ও সামাজিক সম্মান কে ফিরিয়ে দেবে? রাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো সহযোগিতা বা পুনর্বাসন পাইনি।”

বর্তমান পরিস্থিতিতে সরকারের কাছে চার দফা দাবি জানিয়েছেন ইলিয়াস। তার দাবিগুলোর মধ্যে রয়েছে—সরকারিভাবে নির্দোষিতার স্বীকৃতি দিয়ে সামাজিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা, গুম ও মামলায় জড়ানোর অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনা, উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ এবং সম্মানজনক কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসন।

ইলিয়াসের মতে, আদালতের রায়ে খালাস পাওয়া একজন মানুষের আইনি মুক্তি নিশ্চিত হলেও তার জীবনের অপূরণীয় ক্ষতি তাতে পূরণ হয় না। দীর্ঘদিনের দুর্ভোগ কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ তৈরি করতে রাষ্ট্রের কার্যকর উদ্যোগ প্রয়োজন। তাই আইনি লড়াইয়ের সমাপ্তির পর এবার রাষ্ট্রীয় স্বীকৃতি, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অপেক্ষায় রয়েছেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status