কুড়িগ্রামে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Sunday, 8 November, 2026, 5:23 PM
কুড়িগ্রামে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যেকে সামনে রেখে কুড়িগ্রামে গণপ্রকৌশল দিবস-২০২৬ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
আজ ৮ নভেম্বর রোববার সকাল সাড়ে ১০টায় আইডিইবি কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা আইডিইবি কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সড়ক বিভাগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ। পরে আইডিইবি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. রায়হান মিঞার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন কুড়িগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আশিষ কুমার বসু রায়, আইডিইবি জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. রুকুনুজ্জামান, প্রকৌশলী মো. সোয়াইবুর রহমান, প্রকৌশলী মো. ফারুক মিয়া ও প্রকৌশলী মো. আব্দুল আজিজ খোকন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইডিইবির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আজহারুল ইসলাম।
বক্তারা বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন, শিল্পায়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পদ্মা সেতু, মেট্রোরেল ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ দেশের বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নে ডিপ্লোমা প্রকৌশলীরা তাদের দক্ষতা, মেধা ও শ্রম দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বক্তারা আরও বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ডিপ্লোমা প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও কর্মমুখী প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে কুড়িগ্রামের অবকাঠামোগত উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রকৌশলীদের সম্মিলিতভাবে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।