ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩
শিশু-কিশোরদের নিয়ে কিডজানা মেধা উৎসব অনুষ্ঠিত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 7 November, 2026, 2:39 PM

শিশু-কিশোরদের নিয়ে কিডজানা মেধা উৎসব অনুষ্ঠিত

শিশু-কিশোরদের নিয়ে কিডজানা মেধা উৎসব অনুষ্ঠিত

শিশু-কিশোরদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ‘কিডজানা ট্যালেন্ট ফেস্ট ২০২৬’। বাংলাদেশ ইয়ং সায়েন্টিস্টস অ্যান্ড ইনোভেটরস সোসাইটির উদ্যোগে এবং কিডজানা ক্রিয়েটিভ সেন্টারের সহযোগিতায় আয়োজিত এ উৎসবে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জাতীয় বাছাই পর্বে উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি ও দেশের গণিত অলিম্পিয়াড আন্দোলনের অন্যতম পথিকৃৎ মুনির হাসান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রযুক্তি গণমাধ্যম গিল্ডের বোর্ড সদস্য মোহাম্মদ কাউসার উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিডজানার প্রধান নির্বাহী কর্মকর্তা ও আয়োজক সংগঠনের সভাপতি মোসাদ্দেক হোসেন।

অনুষ্ঠানে আন্তর্জাতিক গণিত প্রতিভা অলিম্পিয়াড ২০২৬-এর জাতীয় বাছাই পর্বে বিজয়ী ও উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। তাদের গাণিতিক দক্ষতা, যুক্তিনির্ভর চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা যাচাই করে চূড়ান্ত প্রতিযোগীদের নির্বাচন করা হয়।

আয়োজকেরা জানান, জাতীয় বাছাই পর্বে নির্বাচিত শিক্ষার্থীরা আগামী ২০২৭ সালের জানুয়ারিতে সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। সেখানে বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতার সুযোগ পাবে তারা।

পুরস্কার বিতরণীর পাশাপাশি উৎসবে গণিত অলিম্পিয়াড ও রোবোটিকস বিষয়ে বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়। এসব আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের বিজ্ঞান, প্রযুক্তি, গণিত ও উদ্ভাবনী কার্যক্রমের প্রতি আগ্রহ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে মোসাদ্দেক হোসেন বলেন, বিজ্ঞানমনস্কতা, প্রযুক্তিগত জ্ঞান ও উদ্ভাবনী দক্ষতা বিকাশে কিডজানা শিক্ষামূলক উদ্যোগ হিসেবে কাজ করছে। প্রতিটি শিশুর মধ্যেই সৃষ্টিশীল মানুষ, চিন্তাবিদ ও ভবিষ্যৎ উদ্ভাবক হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা বিকশিত করতে আনন্দময় ও হাতে-কলমে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

এ ছাড়া অনুষ্ঠানে কিডজানা ক্রিয়েটিভ সেন্টারের বিদ্যালয়-পরবর্তী শিক্ষা কার্যক্রমের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের সমাপনী সনদ দেওয়া হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status