ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
মৃত্যুর পরদিন সরকারি বৃত্তি পেল রামগঞ্জের মিজানুর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 15 July, 2026, 8:19 PM

মৃত্যুর পরদিন সরকারি বৃত্তি পেল রামগঞ্জের মিজানুর

মৃত্যুর পরদিন সরকারি বৃত্তি পেল রামগঞ্জের মিজানুর

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৬ নম্বর লামচর ইউনিয়নের পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মিজানুর রহমানের (১১) মৃত্যুর পরদিন প্রকাশিত সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলে তার নাম আসে বৃত্তিপ্রাপ্তদের তালিকায়। তবে সেই সুখবর পরিবার, শিক্ষক ও সহপাঠীদের কাছে আনন্দের বদলে হয়ে উঠেছে গভীর বেদনার।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১২ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৬ জন ট্যালেন্টপুল এবং ৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। শতভাগ সাফল্য অর্জন করা বিদ্যালয়ের সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তদের তালিকায় রয়েছে মিজানুর রহমানের (রোল: ৪০৬১৭৬৬) নামও।

ফলাফল প্রকাশের পর বিদ্যালয়ে আনন্দের পরিবর্তে নেমে আসে শোকের ছায়া। প্রিয় সহপাঠীর নাম বৃত্তিপ্রাপ্তদের তালিকায় দেখে শিক্ষক-শিক্ষার্থীদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

বৃত্তির সুখবর জানাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান, সহকারী শিক্ষক জাহিদুল ইসলামসহ কয়েকজন শিক্ষক মিজানুরের বাড়িতে যান। এ সময় বাবা মো. রাছেল মিয়া ও মা আকলিমা আক্তার আঁখি শিক্ষকদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।

মিজানুরের বাবা মো. রাছেল মিয়া জানান, কয়েকদিন ধরে তার ছেলের জ্বর ছিল। পরে দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া শুরু হলে তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক প্রস্রাবে সংক্রমণ ও রক্তস্বল্পতার কথা জানান। পরে রামগঞ্জ ওয়াপদা সড়কের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরও অবস্থার উন্নতি হয়নি। গত ১১ জুলাই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে গৌরীপুর এলাকায় সকাল ১১টার দিকে মিজানুরের মৃত্যু হয়। তিনি বলেন, ছেলের জ্বর ও মাড়ি দিয়ে রক্ত পড়ার কারণে তাদের ধারণা  সে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। তবে এ বিষয়ে কোনো পরীক্ষার ফল বা চিকিৎসকের আনুষ্ঠানিক নিশ্চিতকরণের কথা তিনি জানাতে পারেননি।

পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান বলেন, মিজানুর অত্যন্ত মেধাবী, শান্ত ও ভদ্র একজন শিক্ষার্থী ছিল। তার মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে । মৃত্যুর পরদিন তার বৃত্তি পাওয়ার খবর আমাদের আনন্দিত করার বদলে আরো বেশি ব্যথিত করেছে। এমন সম্ভাবনাময় একজন শিক্ষার্থীকে হারিয়ে আমরা সত্যিই ভাষাহীন। 

রামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইমরান বলেন, বৃত্তির ফল প্রকাশের পরদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে মিজানুরের মৃত্যুর বিষয়টি জানান। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। উপজেলা নির্বাহী অফিসার মহোদয় মিজানুরের পরিবারের জন্য আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status