ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৮ জুলাই ২০২৬ ২৪ আষাঢ় ১৪৩৩
লাইনের পানি সরেনি, সারাদিন আটকা পর্যটক এক্সপ্রেসের যাত্রা মধ্যরাতে বাতিল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 8 July, 2026, 10:37 AM

লাইনের পানি সরেনি, সারাদিন আটকা পর্যটক এক্সপ্রেসের যাত্রা মধ্যরাতে বাতিল

লাইনের পানি সরেনি, সারাদিন আটকা পর্যটক এক্সপ্রেসের যাত্রা মধ্যরাতে বাতিল

রেললাইনে পানি ওঠায় চট্টগ্রামে দিনভর আটকে থাকার পর মঙ্গলবার ( ৭ জুলাই) রাতে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটির যাত্রা বাতিল করা হয়েছে।

চট্টগ্রামের ষোলশহর স্টেশনের মাস্টার আরিফুল ইসলাম বুধবার সকালে বলেন, রাতে পর্যটক এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। লাইনে এখনো পানি আছে। ট্রেনটি আজ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের ষোলশহর থেকে জানআলী হাট সেকশনের মধ্যবর্তী অংশে পানি থাকায় ট্রেনটির যাত্রা বাতিল করা হয়।

এছাড়া মঙ্গল ও বুধবার মিলিয়ে আরো তিনটি ট্রেনের যাত্রা বাতিল হয়েছে রেললাইনে পানি জমে থাকার কারণে।

মঙ্গলবার বেলা ১২ টা ৪০ মিনিটের দিকে ষোলশহর সুন্নিয়া মাদ্রাসা অংশে আটকা পড়ে পর্যটক এক্সপ্রেস। রেকর্ড বৃষ্টির মধ্যে রেল লাইনে পানি জমায় এবং একটি গাছ ভেঙে পড়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে মঙ্গলবার বিকেলে রেল লাইন থেকে গাছ সরিয়ে ট্রেনটি পিছিয়ে ষোলশহর স্টেশনে নিয়ে রাখা হয়। রাত ৯টার দিকে ট্রেনটিকে ফিরিয়ে নেওয়া হয় চট্টগ্রাম স্টেশনে।

দিনভর ট্রেনে আটকে থেকে যাত্রীরা এমনিতেই ভোগান্তিতে ছিলেন। মাঝরাতে যাত্রা বাতিল হওয়ায় শিশু, বৃদ্ধসহ নানা বয়সী যাত্রীরা বিপদে পড়ে যান।

এদিকে রেল লাইন থেকে পানি না সরায় বুধবার সকালে কক্সবাজারগামী 'কক্সবাজার এক্সপ্রেস' ট্রেনের যাত্রাও বাতিল করা হয়েছে।

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার রাত ১১টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসে এবং বুধবার ভোরে চট্টগ্রাম স্টেশনে পৌঁছায়। কিন্তু রেল লাইনে পানি থাকায় আর কক্সবাজারের পথে যেতে পারেনি। ট্রেনটি আবার বিকেলে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

গত কয়েক দিনের ভারি বর্ষণ ও পানির ঢলে চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের জানআলীহাট ও ষোলোশহর স্টেশন মধ্যবর্তী সেকশনের রেললাইন মঙ্গলবার দুপুর থেকে থেকে কয়েক ফুট পানির নিচে ডুবে আছে।

এ কারণে মঙ্গলবার দুপুরে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ‘প্রবাল এক্সপ্রেস’ এবং মঙ্গলবার রাতে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী সৈকত এক্সপ্রেস ট্রেনের যাত্রাও বাতিল করা হয়।

রেলওয়ের জনসংযোগ শাখার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রা বাতিল হওয়া পর্যটক এক্সপ্রেস ট্রেনের যে যাত্রীরা তাদের টিকিটের টাকা ফেরত নিতে চান, তারা চট্টগ্রাম স্টেশনের কাউন্টার থেকে ফেরত নিতে পারবেন।

এছাড়া যারা চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে যেতে চান, তারা বিকেল ৪টায় কক্সবাজার এক্সপ্রেসে চট্টগ্রাম থেকে ঢাকা যেতে পারবেন।

'আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের' ফলে সৃষ্ট এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য যাত্রীদের রেলযাত্রায় বিঘ্ন ঘটায় বাংলাদেশ রেলওয়ে দুঃখ প্রকাশ করেছে ওই বিজ্ঞপ্তিতে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status