একদিনেই ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ ও ধ্বংস, ২ জেলের জরিমানা
কাউছার মিয়া , দৌলতপুর
প্রকাশ: Wednesday, 14 October, 2026, 9:28 PM
একদিনেই ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ ও ধ্বংস, ২ জেলের জরিমানা
মানিকগঞ্জের দৌলতপুরে মা ইলিশ রক্ষায় যমুনা নদীতে বড় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ ও থানা পুলিশ। পরে জব্দকৃত জাল যমুনার ঘাটে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় ইলিশ ধরার অপরাধে ২ জেলেকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত ৩ কেজি মা ইলিশ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) দিনব্যাপী উপজেলার যমুনা নদীর চরকাটারী, বাচামারা ও বাঘুটিয়া এলাকায় যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ২২ দিনের জন্য ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত ও ক্রয়-বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী বলেন, "মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আজকের অভিযানে ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করে কেউ ইলিশ আহরণ করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, নিষেধাজ্ঞার পুরো সময়জুড়ে যমুনা নদীতে নিয়মিত অভিযান চলবে।