|
ইনানীতে গ্যাসকূপে বিস্ফোরণ, বাপেক্সের ডিজিএমসহ ৭ কর্মী দ্বগ্ধ
নতুন সময় প্রতিনিধি
|
![]() ইনানীতে গ্যাসকূপে বিস্ফোরণ, বাপেক্সের ডিজিএমসহ ৭ কর্মী দ্বগ্ধ বাপেক্সের ডিজিএম ড. আব্দুস ছালাম বলেন, ‘সম্প্রতি আগুন বন্ধ করার পর সেখানে সার্ভের কাজ চলছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণে আগুনের কুণ্ডলি বের হয়। এতে বাপেক্সের ডিজিএম রাকিবুল হাসান, রিক মেকানিক ফিরোজ আহমেদ ও রিক মেকানিক মোহাম্মদ জনিসহ সাতজন দগ্ধ হন।’ এ ঘটনার পর চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি তিনজন কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। টানা ৩১ দিন উদগীরিত গ্যাসের আগুন জ্বলার পর শুক্রবার সেই গ্যাসকূপের আগুন নেভাতে সক্ষম হয় বাপেক্স। পরে সেখানে সার্ভের কাজ শুরু করে বিশেষজ্ঞ দল। ওই দিন সকালে বিশেষ কারিগরি পদ্ধতিতে ৩০ ইঞ্চি কেসিং স্থাপনের মাধ্যমে কূপের বিভিন্ন স্থান দিয়ে বের হওয়া গ্যাসের আগুন নিভিয়ে ফেলা হয়। আগুন নিয়ন্ত্রণে আসায় কূপটিকে নিরাপদ করার পাশাপাশি নতুন করে গ্যাস অনুসন্ধানের প্রস্তুতি নেয় সংস্থাটি। ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানীতে ছোট ব্রিজ এলাকায় একটি গভীর নলকূপ স্থাপনের কাজ চলার সময় হঠাৎ ভূগর্ভ থেকে প্রচণ্ড চাপে গ্যাস উদ্গীরণ শুরু হয়। কিছুক্ষণ পর পাশের বৈদ্যুতিক তার থেকে সৃষ্ট স্পার্কের কারণে গ্যাসে আগুন ধরে যায়। মুহূর্তেই পুরো এলাকা আগুনের শিখায় আচ্ছন্ন হয়ে পড়ে। এরপর থেকে টানা ৩১ দিন ধরে দিন-রাত জ্বলতে থাকে আগুন। আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়ে বাপেক্সের কর্মকর্তারা জানিয়েছিলেন, এটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কারিগরি কার্যক্রম। কেসিং লাইনের সঙ্গে সংযুক্ত ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাসের প্রবাহ অন্যদিকে সরিয়ে নেওয়া হয়। এতে কূপের মুখে গ্যাসের চাপ কমে আসে এবং ধীরে ধীরে আগুন নিভে যায়। এ প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বাপেক্সের পরিকল্পনা অনুযায়ী, কূপের গভীরতা বিবেচনায় ড্রিল পাইপ পুনরায় প্রবেশ করিয়ে প্রায় এক হাজার ফুট পর্যন্ত খনন করা হবে। এ সময় কূপের ভেতরে প্রয়োজনীয় ড্রিলিং মাড ব্যবহার করা হবে, যা ভূগর্ভস্থ গ্যাসের চাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এক হাজার ফুট পর্যন্ত খনন সম্পন্ন হলে কূপটির ফরমেশন প্রেসার বা ভূগর্ভস্থ চাপের ভারসাম্য প্রতিষ্ঠার কাজ করা হবে। এরপর প্রয়োজনীয় মাড ব্যবহার করে ভূগর্ভ থেকে অনিয়ন্ত্রিতভাবে গ্যাস বের হওয়ার পথ স্থায়ীভাবে বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে। এসব কার্যক্রম সফল হলে কূপটিকে নিরাপদ অবস্থায় নিয়ে আসা সম্ভব হবে বলে আশা করছেন তারা। বাপেক্সের বিভাগীয় প্রধান শ্যামল কুমার বলেন, কেসিং স্থাপন এবং ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণ করায় আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। এখন ধাপে ধাপে কূপটিকে নিরাপদ করে ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য প্রস্তুত করা হবে। তিনি জানান, কূপটি সম্পূর্ণ নিরাপদ হওয়ার পর এলাকায় নতুন করে জিওলজিক্যাল সার্ভে ও সিসমিক সার্ভে পরিচালনা করা হবে। এসব জরিপের তথ্য বিশ্লেষণ করে ওই এলাকায় বাণিজ্যিকভাবে গ্যাসের মজুত রয়েছে কিনা, তা মূল্যায়ন করা হবে। মূল্যায়নের ফলাফলের ভিত্তিতেই ভবিষ্যতে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বাপেক্সের ব্যবস্থাপক এসএম নাফিসুল আরফান জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর গ্যাস লাইনের মাধ্যমে বের হওয়া গ্যাসের দুটি নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা দুটি পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। পরীক্ষার মাধ্যমে গ্যাসের রাসায়নিক গঠন, উপাদান ও গুণগত মান সম্পর্কে ধারণা পাওয়া যাবে। পাশাপাশি গ্যাসটির সম্ভাব্য বাণিজ্যিক মূল্যায়নেও এসব তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
গুরুতর অসুস্থ জিন্নাকে গ্রেপ্তার না করে প্রশ্নবিদ্ধ ওসি, আসলে কি ঘটেছিল সেদিন?
রেমিটেন্স যোদ্ধা ইসমাইল হোসেন তালুকদার স্থানীয় নির্বাচনে আগ্রহ প্রকাশ
রাজেন্দ্রপুরে ইকরা হিফজুল কোরআন মাদরাসার পাগড়ি প্রদান ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান
ক্যানসারে মারা গেলেন মা, হোটেলে খুন ছেলে, অসুস্থ বাবার আকুতি ‘ওষুধের খরচ কে দেবে?’
