|
ক্যানসারে মারা গেলেন মা, হোটেলে খুন ছেলে, অসুস্থ বাবার আকুতি ‘ওষুধের খরচ কে দেবে?’
নতুন সময় প্রতিনিধি
|
![]() ক্যানসারে মারা গেলেন মা, হোটেলে খুন ছেলে, অসুস্থ বাবার আকুতি ‘ওষুধের খরচ কে দেবে?’ শনিবার (২৮ নভেম্বর) সকালে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হাজী দুদুখান পাড়া গ্রামে নাঈমুরের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। তার কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলছেন স্বজন ও প্রতিবেশীরা। তারা এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পরিবার সূত্রে জানা যায়, ঢাকা থেকে মরদেহ গ্রামের বাড়িতে আনার পর শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নাঈমুরকে দাফন করা হয়। নাঈমুরের বড় ভাই ও হত্যা মামলার বাদী দুর্জয় শেখ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘নাঈমুর ও আমি পিঠাপিঠি দুই ভাই। আমাদের বয়সের ব্যবধান খুবই কম। ছোটবেলায় আমাদের মা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর বাবা অনেক কষ্ট করে আমাদের বড় করেছেন। আমাদের আর কোনও ভাইবোন নেই। আমি বাড়িতে থেকে বাবার দেখাশোনা ও সংসারের কাজ করি। নাঈমুরই ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।’ দুর্জয় আরও বলেন, ‘আমার বাবা বিভিন্ন রোগে আক্রান্ত। প্রতি মাসে বাবার ওষুধের জন্য অন্তত ৮ থেকে ১০ হাজার টাকা প্রয়োজন হয়। সংসারের খরচের পাশাপাশি বাবার ওষুধসহ যাবতীয় ব্যয় নাঈমুরই বহন করতেন। এখন আমরা একেবারে অসহায় হয়ে পড়েছি।’ নিহত নাঈমুরের চাচা আবুল বাশার আজাদ লাভলু জানান, ছোটবেলা থেকেই নাঈমুর অত্যন্ত মেধাবী, পরিশ্রমী, ভদ্র ও দায়িত্বশীল ছিল। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। এরপর পরিবারের হাল ধরতে ঢাকায় গিয়ে চাকরি শুরু করে। পরে হোটেল ওসমানী ইন্টারন্যাশনালে যোগ দেয়। চাকরির পাশাপাশি বেসরকারি সোনারগাঁও ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতক (সম্মান) পড়ছিল নাঈমুর। চাকরি ও পড়াশোনা সমানতালে চালিয়ে যাচ্ছিল। তৃতীয় সেমিস্টার শেষ করে সম্প্রতি চতুর্থ সেমিস্টারে উত্তীর্ণ হয়েছিল। স্বপ্ন ছিল বিদেশে গিয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের। কিন্তু হত্যাকাণ্ডে তার সব স্বপ্ন শেষ হয়ে গেলো। আবুল বাশার আজাদ লাভলু আরও বলেন, ‘খবর পেয়ে আমি দ্রুত ঢাকায় ছুটে যাই। সেখানে পুলিশ ও হাসপাতালের চিকিৎসকদের কাছ থেকে জানতে পারি, নাঈমুরকে যেভাবে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে, তা অত্যন্ত নৃশংস। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি, এ হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।’ নাঈমুরের বাবা মোস্তফা শেখ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি ঠিকমতো দেখতে পাই না। শরীরে নানা অসুখ। তারপরও দুই ছেলেকে নিয়ে বেঁচে ছিলাম। ঘাতকরা আমার নাঈমুরকে নির্মমভাবে হত্যা করলো। এখন আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম। বেঁচে থাকাটাই কঠিন হয়ে গেলো। কীভাবে বাঁচবো। ছেলে হত্যার বিচার চাই।’ উজানচর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য চুন্নু মীর মালত বলেন, ‘নাঈমুর আমার ভাতিজা। ছেলেটি অত্যন্ত নম্র-ভদ্র ছিল। কারও সঙ্গে কখনও উঁচু গলায় কথা বলতো না। তার মা বেঁচে নেই, বাবাও কয়েক বছর ধরে অসুস্থ। নাঈমুরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’ যেভাবে ঘটে হত্যাকাণ্ড খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে পুরান ঢাকার টিকাটুলিতে হোটেল ওসমানী ইন্টারন্যাশনালে এ হামলার ঘটনা ঘটে। নাঈমুরকে বাঁচাতে গিয়ে হোটেলের মহাব্যবস্থাপক আবদুর রাজ্জাক (৫০) ও কর্মী মো. হাসান (২৬) গুরুতর আহত হন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী গণমাধ্যমকে ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, হোটেলটির সামনে একটি মুরগির দোকান রয়েছে। বৃহস্পতিবার রাতে ওই দোকান থেকে একটি মুরগি হোটেলের ভেতরে ঢুকে পড়াকে কেন্দ্র করে হোটেলকর্মীদের সঙ্গে দোকানের মালিক ও তার ছেলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ধারালো ছুরি নিয়ে হোটেলের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালান। এতে নাঈমুরসহ তিনজন আহত হন। নাঈমুরের খালাতো ভাই সাব্বির আহমেদ অভিযোগ করেন, মুরগির দোকানের মালিক এনায়েত কাজী টিকাটুলির স্থায়ী বাসিন্দা। স্থানীয় কিছু ব্যক্তির সঙ্গে তার সখ্য রয়েছে। তিনি কিছুদিন ধরে সহযোগীদের নিয়ে হোটেলে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় নাঈমুরের ওপর তারা ক্ষুব্ধ ছিলেন। পুলিশের একটি সূত্র জানায়, ঘটনার পর থেকে মুরগির দোকানের মালিক এনায়েত কাজী ও তার ছেলে ইরান কাজী পলাতক রয়েছেন। হোটেলের সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে অসুস্থ বৃদ্ধ বাবা ও স্বজনদের এখন দুশ্চিন্তার শেষ নেই। তাদের একটাই দাবি—নাঈমুর হত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ক্যানসারে মারা গেলেন মা, হোটেলে খুন ছেলে, অসুস্থ বাবার আকুতি ‘ওষুধের খরচ কে দেবে?’
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
‘হাসিনা সুস্থ আছেন প্রমাণে ব্যর্থ’ হয়ে পুরোনো অডিও ডিলিট করে আবার ফেরালো আ.লীগ
সাতক্ষীরা সীমান্তের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে জেলা প্রশাসক, সঙ্গে৷ ৩৩ বিজিবির অধিনায়ক ও পুলিশ সুপার
