ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
দুর্গাপুরে প্রধান শিক্ষিকা ও গণিত শিক্ষকের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
প্রকাশ: Sunday, 29 November, 2026, 3:53 PM

দুর্গাপুরে প্রধান শিক্ষিকা ও গণিত শিক্ষকের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ

দুর্গাপুরে প্রধান শিক্ষিকা ও গণিত শিক্ষকের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ

নেত্রকোনার দুর্গাপুরে ঐতিহ্যবাহী মহারাজা কুমুদ চন্দ্র মেমোরিয়াল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের (এমকেসিএম) নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা বেগম ও নবম শ্রেণির গণিত শিক্ষক রহিমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তবে অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

রবিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়টিতে নবম শ্রেণির গণিত বিষয়ের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র ফাঁসের তথ্য পেয়ে বিদ্যালয়ে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বজলুর রহমান আনছারী। পরে তাঁরা পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেন।

এদিকে সাংবাদিকদের হাতে আসা ফাঁস হওয়া প্রশ্নপত্রই নয়, সেগুলোর উত্তরপত্রও তৈরি করা হয়েছিল এমন কাগজও দেখা গেছে। পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র ও উত্তর প্রস্তুত থাকার বিষয়টি বিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনা এবং প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। এ ঘটনায় সরাসরি অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা বেগম ও নবম শ্রেণির শিক্ষক রহিমের বিরুদ্ধে। 

এ বিষয়ে বক্তব্য জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা বেগমের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করা হলে তাঁকে বিদ্যালয়ে পাওয়া যায়নি। পরবর্তীতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাংবাদিকদের সাথে ফোনে কথা বলতে রাজি হননি। 

এনিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বজলুর রহমান আনছারী জানান, বিষয়টি দুঃখজনক এ ঘটনায় ওইদিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে সেইসাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার প্রস্তুতি চলছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত বলেন, পরীক্ষা বাতিল করে প্রধান শিক্ষিকার কাছে জবাব চাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষাটি আগামী শনিবার নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

প্রশ্নপত্র ফাঁসের এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে। একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র কীভাবে পরীক্ষা শুরুর আগেই বাইরে চলে গেল, কারা এর সঙ্গে জড়িত এবং কীভাবে প্রশ্নপত্রের উত্তরও তৈরি হলো, এসব বিষয় খতিয়ে দেখে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিভাবকরা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status