ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
জবিতে ১৬তম রসায়ন অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত, সেরা ১০ শিক্ষার্থী নির্বাচিত
নতুন সময়, জবি প্রতিনিধি
প্রকাশ: Sunday, 29 November, 2026, 10:51 AM
সর্বশেষ আপডেট: Sunday, 29 November, 2026, 10:54 AM

জবিতে ১৬তম রসায়ন অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত, সেরা ১০ শিক্ষার্থী নির্বাচিত

জবিতে ১৬তম রসায়ন অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত, সেরা ১০ শিক্ষার্থী নির্বাচিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ ও বাংলাদেশ রসায়ন সমিতির (বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি) যৌথ উদ্যোগে দিনব্যাপী ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০২৭-এর চূড়ান্ত পর্ব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৮ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে মেধাক্রম অনুযায়ী সেরা ১০ শিক্ষার্থী নির্বাচন করা হয় এবং তাঁদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অলিম্পিয়াডের প্রধান পৃষ্ঠপোষক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ভবিষ্যতের বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার দেশের বিভিন্ন অঞ্চলে ইনোভেশন হাব প্রতিষ্ঠাসহ বিজ্ঞান, প্রযুক্তি ও সৃজনশীল কর্মকাণ্ডকে গুরুত্ব দিচ্ছে। দেশকে এগিয়ে নিতে বিজ্ঞানমনস্ক ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, বিজ্ঞানমনস্ক প্রজন্ম ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে বাংলাদেশ রসায়ন সমিতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এ উদ্যোগ সুদূরপ্রসারী ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, গবেষণা ও উদ্ভাবনের প্রতি আগ্রহ বাড়বে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে র‍্যাংকিংয়ে প্রথম অথবা দ্বিতীয় অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের অলিম্পিয়াড আয়োজনের মাধ্যমে বিভাগটি তার শিক্ষা ও বিজ্ঞানচর্চার উৎকর্ষের পরিচয় দিয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, নির্বাচিত বিজয়ীদের মধ্য থেকে শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও সাফল্য অর্জন করবে বলে তিনি প্রত্যাশা করেন। রসায়নের প্রতি ভালোবাসার মধ্য দিয়ে দেশ, প্রকৃতি ও জীবনের প্রতি ভালোবাসা গড়ে ওঠে। রসায়ন শুধু বিজ্ঞানের ভাষা নয়, এটি জীবনেরও ভাষা। বিজ্ঞানকে যথাযথভাবে উপলব্ধি করতে রসায়নের জ্ঞান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীবনে কখনো প্রশ্ন করতে দ্বিধা করা যাবে না, কারণ প্রশ্নই বিজ্ঞানের মূল ভিত্তি। বিজ্ঞান শিক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা মানবকল্যাণে কাজে লাগাতে হবে। একই সঙ্গে অভিভাবক, শিক্ষক ও সমাজের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রেখে নিজেদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটাতে হবে। এভাবে শিক্ষার্থীরা ভবিষ্যতে সফলতা অর্জনের পাশাপাশি সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধার যথাসময়ে মূল্যায়ন এবং মেধা বিকাশের সুযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের জীবনের এই গুরুত্বপূর্ণ সময় যেন যথাযথভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের সুযোগ তৈরি করতে হবে এবং তাঁদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের সেবা করার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, দেশের উন্নয়ন, শিল্পায়ন ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্ববোধ, সচেতনতা ও দেশপ্রেম নিয়ে এগিয়ে আসতে হবে। দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার অপচেষ্টা ও অরাজকতা মোকাবিলায় শিক্ষার্থী এবং সচেতন নাগরিকদের সোচ্চার হতে হবে। দেশের শিল্প ও উৎপাদনব্যবস্থা শক্তিশালী করা এবং মেধাবী শিক্ষার্থীদের দেশেই কাজ করার সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। মেধাপাচার রোধ করে তরুণদের মেধা ও দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন। এ সময় তিনি দেশের উন্নয়ন ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে সরকারের উদ্যোগ বাস্তবায়নে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০২৭-এর আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রসায়ন সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ এমরান কাইয়ুম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ. কে. এম. লুৎফর রহমান, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ লোকমান হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর ঢাকাসহ দেশের ১৪টি আঞ্চলিক কেন্দ্রে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও এ-লেভেল পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০২৭-এর প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়। প্রাথমিক পর্বে প্রতিটি কেন্দ্র থেকে মেধাক্রম অনুযায়ী নির্বাচিত মোট ২১৩ জন শিক্ষার্থী আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেন।

চূড়ান্ত পর্বের ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী সেরা ১০ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে প্রথম হয়েছেন নটরডেম কলেজের নাজির মাহমুদ, দ্বিতীয় হয়েছেন গভর্নমেন্ট এডওয়ার্ড কলেজের রাফসান হাসান, তৃতীয় হয়েছেন সৈয়দপুর গভর্নমেন্ট সায়েন্স কলেজের হিল্লোল রায় , চতুর্থ হয়েছেন আনন্দমোহন কলেজের ময়নুল তালুকদার, পঞ্চম হয়েছেন রাজউক উত্তরা মডেল কলেজের আহনাফ জারীফ, ষষ্ঠ হয়েছেন গভর্নমেন্ট আজিজুল হক কলেজের কৃত্তিকা চক্রবর্তী, সপ্তম হয়েছেন নটরডেম কলেজের তোকির মাহমুদ, অষ্টম হয়েছেন নটরডেম কলেজের অল ওয়াহিদ, নবম হয়েছেন গভর্নমেন্ট আজিজুল হক কলেজের আব্দুল্লাহ আল জারীফ এবং দশম হয়েছেন সিলেট স্কলার্স হোমের দিব্য জ্যোতি।

নির্বাচিত সেরা ১০ শিক্ষার্থীর মধ্য থেকে চারজন ২০২৭ সালের ১৯ থেকে ২৮ জুলাই তাইওয়ানের তাইপেতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াড (IChO)-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status